অস্কারের দৌড়ে ভারতের মুখ উজ্জ্বল করল নীরজ ঘাওয়ান পরিচালিত ছবি ‘হোমবাউন্ড’। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্যের ছবির বিভাগে শর্টলিস্টে জায়গা করে নিয়েছে এই ছবি। মঙ্গলবার, ১৭ ডিসেম্বর অ্যাকাডেমির তরফে প্রকাশিত পনেরোটি ছবির সংক্ষিপ্ত তালিকায় নাম উঠেছে ‘হোমবাউন্ড’-এর। এই সাফল্যে উচ্ছ্বসিত ছবির পরিচালক নীরজ ঘাওয়ান ও প্রযোজক করণ জোহর—দু’জনেই সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তাঁদের আনন্দ।
নীরজ ঘাওয়ানের পরিচালনায় ‘হোমবাউন্ড’ মূলত এক নিখাদ বন্ধুত্বের গল্প। তবে শুধুই বন্ধুত্ব নয়, ছবির পরতে পরতে উঠে এসেছে সমাজের নানা স্তর, মানুষের পারস্পরিক সম্পর্ক, শ্রেণি বিভাজন ও জীবনের বাস্তব টানাপোড়েন। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঈশান খট্টর, বিশাল জেঠওয়া ও জাহ্নবী কাপুর। তাঁদের অভিনয় ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।
চলতি বছরের ২৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ‘হোমবাউন্ড’। তবে মুক্তির আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলিতে ছবিটি বিশেষ নজর কাড়ে। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর থেকেই অস্কারের দৌড়ে ছবিটির নাম ঘুরছিল আলোচনায়। ২০২০ সালে নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মাণ করেছেন নীরজ ঘাওয়ান।
এই সাফল্যের কথা জানিয়ে করণ জোহর তাঁর সোশাল মিডিয়া পোস্টে লেখেন, “৯৮তম অস্কারের জন্য ‘হোমবাউন্ড’ সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্যের ছবির বিভাগে শর্টলিস্ট হয়েছে। দর্শকদের ভালোবাসায় আমরা সত্যিই আপ্লুত।” একই সুরে নীরজ ঘাওয়ানও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি।
আগামী ২২ জানুয়ারি এই পনেরোটি ছবির মধ্য থেকে বাছাই করে চূড়ান্ত পাঁচটি ছবির নাম ঘোষণা করবে অ্যাকাডেমি। সেই তালিকায় জায়গা করে নিতে পারবে কি না ‘হোমবাউন্ড’, এখন সেই দিকেই তাকিয়ে সিনেমাপ্রেমী দেশ।







