২০২৩ সালে ‘পাঠান’ ছবির মাধ্যমে দীর্ঘদিনের বক্স অফিস খরা কাটিয়ে স্বমহিমায় ফিরেছিলেন শাহরুখ খান। মুক্তির পর থেকেই ‘জিন্দা হ্যায়’ সংলাপে মুখর হয়েছিল প্রেক্ষাগৃহ। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই শুরু হয় প্রশ্ন—কবে আসছে ‘পাঠান ২’? অবশেষে সেই প্রতীক্ষা আরও একধাপ এগোল। জানা গিয়েছে, আদিত্য চোপড়া চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া প্রস্তুত করেছেন এবং ২০২৬ সালের শুরুতেই ছবিটি ফ্লোরে যাওয়ার সম্ভাবনা।
এরই মধ্যে নতুন চাঞ্চল্য ছড়িয়েছে এক গুঞ্জনে। সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে দাবি, ‘পাঠান ২’-এ শাহরুখ খানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরকে। যদি এই জল্পনা সত্যি হয়, তবে রুপোলি পর্দায় দুই মহাতারকার দ্বৈরথ দেখার সুযোগ পাবেন দর্শক। যদিও বিষয়টি নিয়ে যশরাজ ফিল্মস বা ছবির টিমের কেউই এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স ইতিমধ্যেই দর্শকদের কাছে আলাদা জায়গা করে নিয়েছে। ‘পাঠান ২’ সেই ইউনিভার্সকে আরও বিস্তৃত ও রঙিন করবে বলেই ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, জুনিয়র এনটিআরকে এমন একটি চরিত্রে কাস্ট করার কথা ভাবা হচ্ছে, যা নাকি ‘কিং খান’-এর সমতুল্য শক্তিশালী উপস্থিতি নিয়ে আসবে। এই খবরে উত্তর ও দক্ষিণ—দুই ইন্ডাস্ট্রির অনুরাগীদের মধ্যেই উন্মাদনা বেড়েছে।
জানা যাচ্ছে, ২০২৩ সালের মাঝামাঝি থেকেই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছিলেন আদিত্য চোপড়া। প্রায় দেড় বছরের বেশি সময় ধরে নানা দিক বিবেচনা করে গল্পকে শানিয়েছেন তিনি। লক্ষ্য একটাই—‘পাঠান’-এর সাফল্যকে ছাপিয়ে যাওয়া এবং স্পাই ইউনিভার্সকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। শোনা যাচ্ছে, চিত্রনাট্য শুনে যথেষ্টই উচ্ছ্বসিত শাহরুখ খান। সব মিলিয়ে, ‘পাঠান ২’ ঘিরে প্রত্যাশার পারদ এখন তুঙ্গে।







