সম্প্রতি এস এস সি নিয়ে শোরগোল চলছে রাজ্যজুড়ে। এবার পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ফের বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। পাহাড়ে জিটিএ নিয়ন্ত্রিত এলাকায় বেআইনি নিয়োগের অভিযোগে ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পাশাপাশি অবিলম্বে তাঁদের বেতন বন্ধ করার নির্দেশও দিয়েছে আদালত।
দীর্ঘদিন ধরেই এই মামলার শুনানি চলছে। অভিযোগ উঠেছে, নিয়ম না মেনেই পাহাড়ি এলাকায় শিক্ষক নিয়োগ করা হয়েছে। আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট, নিয়োগ প্রক্রিয়া নিয়ে চরম অসন্তোষ রয়েছে। উল্লেখযোগ্য ভাবে, এর আগে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরবর্তীতে সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখে। সেই আবহাওয়ায় ফের শিক্ষক চাকরি বাতিলের নির্দেশ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই পাহাড়ের শিক্ষক নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও উঠে এসেছিল।
পাশাপাশি সেখানে বিনয় তামাং ও তৃণমূল যুব নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছিল। এমনকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেআইনিভাবে নিয়োগ করানোর মতো গুরুত্বপূর্ণ অভিযোগ ওঠে। প্রাথমিক পর্যায়ে এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়। তবে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। এরপর বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালেও, শেষপর্যন্ত এই দুর্নীতি মামলা ফিরে আসে হাইকোর্টেই।এদিনের শুনানিতে বিচারপতি বসু প্রাথমিকভাবে সিআইডিকে তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ আদালতের। এছাড়াও যোগ্য ও অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ নিয়ে আদালত নিজের অবস্থান স্পষ্ট করেছে।







