শীতের মরশুম মানেই বাজারে টাটকা পালং শাকের সমাহার। পুষ্টিগুণে ভরপুর এই শাক দিয়ে সাধারণত ভাজা, তরকারি কিংবা পরোটা তৈরি করা হয়। তবে চেনা রান্নার বাইরে একটু অন্য স্বাদ পেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন পালং ডিমের কারি। ডিমের প্রোটিন আর পালং শাকের পুষ্টিগুণ মিলিয়ে এই পদ যেমন সুস্বাদু, তেমনই পাতে আনবে নতুনত্ব। গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে জমে যাবে এই পদ। কীভাবে বানাবেন? রইল সহজ রেসিপি।
**উপকরণ:**
– ডিম – ৪টি
– পালং শাক – ১ আঁটি
– পেঁয়াজ – ২টি ছোট (কুচি করা)
– টমেটো – ২টি ছোট (কুচি করা)
– আদা – ৩ টুকরো
– রসুন – ১টি মাঝারি আকারের
– কাঁচা লঙ্কা – ৩টি
– লবঙ্গ – ২টি
– দারচিনি – ১ টুকরো
– গোটা ধনে – ১ চা চামচ
– লাল লঙ্কার গুঁড়ো – ১ চা চামচ
– হলুদ – আধ চা চামচ
– নুন ও চিনি – স্বাদমতো
– তেল – প্রয়োজনমতো
**প্রণালী:**
প্রথমে ডিমগুলি প্রায় ৮ মিনিট সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এরপর ডিমের গায়ে সামান্য নুন ও হলুদ মাখিয়ে গরম তেলে হালকা লালচে করে ভেজে তুলে রাখুন।
এবার পালং শাক ভালো করে ধুয়ে কুচিয়ে নিন। একটি পাত্রে এক কাপ জল দিয়ে শাক ৪ মিনিট সেদ্ধ করুন। জল ঝরিয়ে ঠান্ডা হলে মিক্সিতে পালং শাক ও কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন।
এরপর কড়াইয়ে তেল গরম করে লবঙ্গ, দারচিনি ও গোটা ধনে ফোড়ন দিন। সুগন্ধ বের হলে পেঁয়াজ, আদা ও রসুন দিয়ে মিনিট তিনেক কষিয়ে নিন। এবার কুচিয়ে রাখা টমেটো দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন।
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে পালং শাকের পেস্ট দিয়ে দিন। এরপর একে একে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন ও সামান্য চিনি মিশিয়ে মাঝারি আঁচে প্রায় ৭ মিনিট কষান।
পালং শাকের কাঁচা ভাব চলে গেলে আধ কাপ জল দিয়ে দিন। এবার ভেজে রাখা ডিমগুলি গ্রেভিতে মিশিয়ে আরও ২ মিনিট ফুটিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে যাবে সুস্বাদু পালং ডিমের কারি।
গরম ভাত কিংবা নরম রুটির সঙ্গে পরিবেশন করুন এই অভিনব পদ। চেনা ডিমের ঝোলের বদলে শীতের দুপুরে এই রান্না হয়ে উঠতে পারে পরিবারের সকলের পছন্দের।







