শীত মানেই উৎসবের আমেজ, কুয়াশায় মোড়া সকাল আর ঘুরে বেড়ানোর টান । আর বর্তমানে ধীরে ধীরে কলকাতায় জাঁকিয়ে পড়ছে শীত । আর সামনেই বড় দিন , নিউ ইয়ার , অনেক ছুটির দিন । আর এই এক দুদিনের ছুটিকে ভ্রমণ পিপাসুরা মানুষরা কাজে লাগাতে চান ? যদি এক দিনে ঘুরে , মজা করে , ফিরে আসতে চান , তাহলে নিচের ৩ টি জায়গা , আপনাদের জন্য একদম শ্রেয় ।
বেনাপুর চর –

হাওড়ার বাগনানের কাছে রূপনারায়ণের পাড়ের জায়গা হল বেনাপুরের চর । এই গালিচা ঢাকা প্রান্তর , কলকাতা থেকে মাত্র কয়েকঘন্টা দূরেই অবস্থিত । ছোটো ছোটো গাছ একেবারে ছাউনি হিসেবে দাঁড়িয়ে আছে , এই সবুজ প্রান্তরে । বেনাপুরের চরে ঘাসজমিতে একটা চাদর বিছিয়ে বসে , পছন্দের খাবার খেতে খেতে জমিয়ে আড্ডা দিতে দিতে সময় যে কখন কেটে যাবে , বুঝতেই পারবেন না । তবে বিশেষ আকর্ষণ সূর্যাস্ত , সেটা কিন্তু চরে বসে দেখতে একদম ভুলবেন না ।
এবার প্রশ্ন থাকতে পারে , কিভাবে যাবেন ! গাড়ি নিয়ে গেলে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে বাগনান পৌঁছে আন্টিলা বা নুনটিয়ার রাস্তা ধরে পৌঁছে যেতে পারবেন বেনাপুর চরে। হাওড়া থেকে ট্রেনে বা বাসেও যেতে পারেন বাগনান । ট্রেনে বা বাসে গেলে , বাগনান নেমে , একটি টোটো বা অটো বুক করে পৌঁছে যেতে পারবেন রূপনারায়ণ এর পাড়ে ।
বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির –

যদি শীতের একদিনের ছুটিতে ঘোড়া ফেরার মাঝে ঠাকুর দর্শনও হয়ে যায় , তাহলে তো কোনো আর কথাই নেই । সেক্ষেত্রে তালিকার একদম প্রথমেই রয়েছে , হুগলির বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির । ৫ তলা এই মন্দিরের নির্মাণশৈলী যেন ঘণ্টার পর ঘন্টা তাকিয়ে থেকে দেখা যাবে । এই মন্দিরের ১৩টি চূড় এবং চূড়ার মাথাটি পদ্মের কুঁড়ি আকারের। মন্দিরের ঠিক পাশেই রয়েছে বিষ্ণুপুরের আদলে তৈরি মন্দিরও ।
এই মন্দিরে মা , দেবী হংসেশ্বরী রূপে পূজিতা হন। পদ্মের ওপর অধিষ্ঠিতা মায়ের চার হাত । মায়ের উপরের বাম হাতে তরবারি, নীচের বাম হাতে কাটা মুণ্ড, উপরের ডান হাতে অভয় মুদ্রা, নীচের ডান হাত আশীর্বাদের ভঙ্গিমায় রয়েছে ।
এই মন্দিরে যাওয়ার জন্য , হাওড়া – কাটোয়া লাইনের ট্রেন ধরে বাঁশবেড়িয়া স্টেশন নামতে হবে । সেখান থেকে অনায়াসেই পৌঁছে যাওয়া যাবে হংসেশ্বরী মন্দির । বা ব্যান্ডেল স্টেশন নেমে , একটি টোটো বুক করেও মন্দিরে পৌঁছানো যাবে । গাড়ি নিয়ে গেলে , কলকাতা থেকে মোটামুটি ৫০ কিলোমিটার পথ যেতে হবে । উল্লেখ্য , এই মন্দির থেকে কিছুটা দূরেই রয়েছে হুগলি ইমামবাড়া এবং ব্যান্ডেল চার্চ । আপনারা সকাল সকাল মন্দিরে গিয়ে পূজো দিয়ে একটি টোটো ধরেই বেরিয়ে যেতে পারেন ব্যান্ডেল চার্চ । তারপর চার্চে ঘুরে আবার টোটো নিয়ে চলে যেতে পারেন হুগলি ইমামবাড়া । ইমামবাড়া যাওয়ার জন্য , জলপথে , নৌকা করে , হুগলি নদী পারাপারেরও ব্যবস্থা আছে ।
ক্ষীরাই –

ফুলের নগরী ক্ষীরাই । পূর্ব মেদিনীপুরের এই গ্রামটি বহু লোকের কাছেই পরিচিত , বহু মানুষই ক্ষীরাই ঘুরে এসেছেন । আর যারা এখনো ক্ষীরাই যাননি , তারা এই শীতে , একদিন ভোর ভোর বেরিয়ে ঘুরে আসুন । ফুলের উপত্যকা ক্ষীরাই । নানান রকমের ফুলে ভরা এই মনোরম পরিবেশ দেখলে , মন ভালো হতে বাধ্য । উপত্যকার পাশ দিয়ে চলে গেছে রেল লাইন । সব মিলিয়ে , কবির ভাষায় বলা যায় , গ্রাম বাংলার অপরূপ প্রকৃতির নামই ক্ষীরাই ।
ক্ষীরাই যাওয়ার জন্য হাওড়া থেকে ধরতে হবে মেদিনীপুর লাইনের ট্রেন । ট্রেনে করে গিয়ে নামতে হবে পাঁশকুড়া বা তার পরের স্টেশন ক্ষীরাইতে। পাঁশকুড়ায় নামলে অটো বা টোটায় করে গন্তব্যে পৌঁছানো যাবে । আর যারা ক্ষীরাই নামবেন , তারা একটু সচেতন ভাবে , ঝুঁকি এড়িয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন ফুলের উপত্যকা ক্ষীরাইতে ।







