ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের অজানা অধ্যায় ও মায়ের সঙ্গে তাঁর আবেগঘন সম্পর্ককে কেন্দ্র করে শুরু হল বায়োপিক ছবি ‘মা বন্দে’-র শুটিং। বৃহস্পতিবার পুজো-পাঠের মধ্য দিয়ে ছবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরিচালনার দায়িত্বে রয়েছেন সিএইচ ক্রান্তি। এই ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরিত্রে দেখা যাবে জনপ্রিয় মালয়লম অভিনেতা উন্নিমুকুন্দনকে।
শুটিং শুরুর মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছে ছবির টিম। ছবির ঘোষণা হয়েছিল চলতি বছরের ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রীর জন্মদিনে। সেই দিন থেকেই ছবিটি নিয়ে কৌতূহল তৈরি হয় দেশজুড়ে।
‘মা বন্দে’ শুধুমাত্র রাজনৈতিক বায়োপিক নয়, বরং এক মা ও ছেলের গভীর সম্পর্কের কাহিনি বলবে এই ছবি। নরেন্দ্র মোদির শৈশব, সংগ্রামের দিন, বেড়ে ওঠা এবং রাজনীতির ময়দানে তাঁর উত্থানের পাশাপাশি বিশেষ গুরুত্ব পাবে তাঁর মা হীরাবেন মোদির ভূমিকা। জীবনের প্রতিটি ধাপে কীভাবে মায়ের অনুপ্রেরণা ও মূল্যবোধ প্রধানমন্ত্রীকে এগিয়ে যেতে সাহায্য করেছে, তা তুলে ধরা হবে ছবিতে।
উল্লেখ্য, ২০২২ সালে মা হীরাবেন মোদির প্রয়াণের পরও ব্যক্তিগত শোককে আড়াল করে নিজের দায়িত্ব পালন করে গিয়েছেন প্রধানমন্ত্রী। একাধিকবার তিনি প্রকাশ্যে বলেছেন, “আমার মা-ই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।” সেই আবেগ, দায়িত্ববোধ ও মানসিক দৃঢ়তাই ছবির মূল সুর।
সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে কোনও কল্পনার রং না চড়িয়ে বাস্তবতাকেই গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতারা। শৈশবের কঠিন দিন থেকে দেশের সর্বোচ্চ পদে পৌঁছনোর যাত্রা—সব কিছুর মাঝেই থাকবে এক মায়ের নিঃশর্ত আশীর্বাদ ও শক্তি জোগানোর গল্প। ‘মা বন্দে’ তাই শুধু এক প্রধানমন্ত্রীর কাহিনি নয়, এটি এক মায়ের স্বপ্ন ও সন্তানের দায়িত্ববোধের দলিল।







