কলকাতা

অফিসপাড়ায় জলকষ্ট দূর করতে তৎপর পুরসভা, জানুয়ারি থেকেই শুরু হচ্ছে বিকল্প লাইনের কাজ

কলকাতার ব্যস্ততম অফিসপাড়ায় পানীয় জলের তীব্র হাহাকার এখন পুরসভার অন্দরেও আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাধারণত গরমের সময় জলের টান দেখা দিলেও, এবার হাড়কাঁপানো শীতের মধ্যেও ডালহৌসি সংলগ্ন এলাকায় জলের প্রেশার এতটাই কম যে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বৃহস্পতিবার পুরসভার অধিবেশনে এই জ্বলন্ত সমস্যাটি তুলে ধরেন ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠক।

চিনাবাজার, ব্র্যাবোর্ন রোড থেকে শুরু করে ক্যানিং স্ট্রিটের মতো চত্বরগুলোতে প্রতিদিন কয়েক লক্ষ মানুষের যাতায়াত। কাউন্সিলরের অভিযোগ, দিনের পর দিন জলের প্রেশার কমে যাওয়ায় শুধু যে স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়ছেন তা নয়, দূর-দূরান্ত থেকে আসা চাকরিজীবীরাও এক ফোঁটা পানীয় জলের জন্য হন্যে হয়ে ঘুরছেন। বিষয়টি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে সরব হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান এতদিন মেলেনি।

কলকাতার ব্যস্ততম অফিসপাড়ায় পানীয় জলের দীর্ঘদিনের সংকট মেটাতে এবার কোমর বেঁধে নামছে পুরসভা। শীতের মরসুমেও কেন জলের এই হাহাকার, সেই প্রশ্ন ওঠায় স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম সমস্যা সমাধানে একগুচ্ছ নতুন পদক্ষেপের ঘোষণা করেছেন। ডালহৌসি, চিনা বাজার এবং ব্র্যাবোর্ন রোডের মতো এলাকাগুলোতে জলের প্রেশার এতটাই কম যে, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এই সমস্যা মেটাতে মূলত পরিকাঠামোগত আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়র জানিয়েছেন, বর্তমানে যে পাইপলাইন দিয়ে জল সরবরাহ করা হয়, তা এই বিশাল জনসংখ্যার জন্য যথেষ্ট নয়। তাই আগামী জানুয়ারি মাস থেকেই টেরিটি বাজারের দিক থেকে একটি সম্পূর্ণ নতুন ফিডার লাইন ডালহৌসি চত্বরে টেনে আনা হবে। ব্র্যাবোর্ন রোডের পুরনো লাইনের ওপর চাপ কমাতে টেরিটি বাজার থেকে অতিরিক্ত পাইপলাইন বসানো হচ্ছে। এর ফলে জলের গতি বা প্রেশার এক ধাক্কায় অনেকটা বাড়বে আগামী মাস থেকেই এই প্রকল্পের কাজ শুরু করার সবুজ সংকেত দেওয়া হয়েছে, যাতে গ্রীষ্মের দাবদাহ শুরু হওয়ার আগেই কাজ শেষ করা যায়। নতুন নতুন বহুতল এবং অফিস তৈরি হওয়ায় জলের যে বাড়তি চাহিদা তৈরি হয়েছে, সেই অনুযায়ী দৈনিক সরবরাহের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করেছে পুরসভার পানীয় জল বিভাগ। মহাকরণ, হাইকোর্ট এবং রাজভবনের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যাতে সারাদিন নিরবচ্ছিন্ন জল পাওয়া যায়, তা নিশ্চিত করতে আলাদা নজরদারি চালানো হবে।

মেয়র ফিরহাদ হাকিম আশাবাদী যে, এই নতুন লাইনটি চালু হলে ডালহৌসি এবং বড়বাজার এলাকার কয়েক লক্ষ মানুষের দীর্ঘদিনের জলকষ্ট দূর হবে। কাউন্সিলর সন্তোষ পাঠকের তোলা প্রশ্নের উত্তরে তিনি জানান, জানুয়ারি থেকে কাজ শুরু হলে আগামী গরমে অফিসপাড়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.