কলকাতার জলাভূমি ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগে বহুদিনের। এবার সেই অভিযোগ নিয়ে কঠোর অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার পূর্ব কলকাতা জলাভূমি সংক্রান্ত দুটি পৃথক মামলায় একসঙ্গে স্পট ইনস্পেকশনের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আদালতের এই নির্দেশ খুবই তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের।
দীর্ঘদিন ধরেই কলকাতা পুরসভার গার্ডেনরিচ ও মহেশতলা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে জলাভূমি ভরাট করে বহুতল তৈরির অভিযোগ উঠেছে। এই অভিযোগে কলকাতার উচ্চ আদালতে দ্বাদস্ত হয়েছে আসগর আলি মোল্লা। তার দাবি নাদিয়াল থানার অন্তর্গত ২৮৮ ও ২৮৯ দাগ নম্বরের জমিতে একটি পুকুর ভরাট করে চারতলা বাড়ি নির্মাণ করা হচ্ছে। কলকাতা পুরসভা ও পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। বিচারপতি সিনহা প্রশ্ন তোলেন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। পাশাপশি তিনি কলকাতা পুরসভা, ভূমি সংস্কার দপ্তর ও পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। এমনকি আগামী ২৪ শে সেপ্টেম্বরের মধ্যে এই বিষয়ে সমস্ত তথ্য সহকারে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা।
অন্যদিকে, মহেশতলার পাঁচুর মৌজার কানখুলি হেপাপাড়ায় জলাভূমি ভরাট করে একটি দোতলা বাড়ি তৈরির অভিযোগ তোলেন ফারুকউদ্দিন আলি আহমেদ। পাশাপাশি তার দাবি, মহেশতলা পুরসভা কাজ বন্ধের নোটিশ দিলেও নির্মাণ কার্য বন্ধ হয়নি।
এক্ষেত্রেও বিচারপতি সিনহা ভূমি রাজস্ব দপ্তর ও পুরসভাকে যৌথভাবে তদন্ত করে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানির দিন হিসেবে ধার্য করা হয়েছে ২৩ শে সেপ্টেম্বর। একই দিনে পূর্ব কলকাতা জলাভূমি সংক্রান্ত দুটি মামলায় আদালতের এই নির্দেশে প্রশাসনিক তৎপরতা অনেকটাই বাড়িয়ে দেবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।







