অনুপম জানা, নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের জঙ্গল থেকে এক নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কারের মাধ্যমে জীববৈচিত্র্য গবেষণায় ঐতিহাসিক সাফল্য পেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার খ্যাতনামা বিজ্ঞানী প্রফেসর ডি. ক্রিস্টিন কার্গিল-এর সঙ্গে যৌথ গবেষণায় বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের গবেষকরা Bryophyte গোষ্ঠীর Leafy Liverworts-এর অন্তর্গত এক সম্পূর্ণ নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন। এই নতুন উদ্ভিদের নামকরণ করা হয়েছে Fossombronia bengalensis।
গবেষকদের সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের ভাদুতলার স্যাঁতসেঁতে ও ছায়াঘেরা শাল জঙ্গলেই এই ক্ষুদ্র অথচ গুরুত্বপূর্ণ উদ্ভিদটির সন্ধান মেলে। গবেষকদলের প্রধান, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক অমলকুমার মণ্ডল জানান, পশ্চিমবঙ্গের গবেষকদের দ্বারাই এই আবিষ্কার এবং এখনও পর্যন্ত শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরেই এই প্রজাতির উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে—এই কারণেই ‘bengalensis’ নামকরণ করা হয়েছে।
এই গুরুত্বপূর্ণ গবেষণাটি ইতিমধ্যেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান বিষয়ক জার্নাল ‘Phytotaxa’-তে প্রকাশিত হয়েছে। গবেষকদলে অধ্যাপক অমলকুমার মণ্ডলের পাশাপাশি রয়েছেন গবেষক রসিদুল ইসলাম। গবেষণায় সহযোগিতা করেছেন অস্ট্রেলিয়ার ন্যাশনাল হার্বেরিয়ামের প্রখ্যাত বিজ্ঞানী প্রফেসর কার্গিল এবং বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার বিজ্ঞানী ড. দেবেন্দ্র সিং।
গবেষকদের মতে, Fossombronia bengalensis কয়েকটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য অন্যান্য প্রজাতি থেকে আলাদা—ঢেউ খেলানো অনিয়মিত পাতার গঠন, পুরুষ ও স্ত্রী গাছ আলাদা হওয়া (Dioecious), গাঢ় বেগুনি বা লাল রঙের রাইজ়য়েড এবং জটিল নকশাযুক্ত ক্ষুদ্র স্পোর।
অধ্যাপক মণ্ডলের কথায়, “এই আবিষ্কার ভারতের লিভারওয়ার্টস বৈচিত্র্যকে সমৃদ্ধ করার পাশাপাশি পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক জীববৈচিত্র্য মানচিত্রে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।” তিনি জানান, এই প্রজাতিটি শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরেই পাওয়া গিয়েছে বলে এটি রাজ্যের স্থানীয় বা এন্ডেমিক প্রজাতি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি।
গবেষকদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তন ও অরণ্য ধ্বংসের ফলে এই ধরনের ক্ষুদ্র অথচ পরিবেশগত দিক থেকে গুরুত্বপূর্ণ উদ্ভিদগুলি মারাত্মক হুমকির মুখে পড়ছে। তাই Fossombronia bengalensis-এর মতো প্রজাতি সংরক্ষণে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।







