ঘন ঘন বিদ্যুৎবিভ্রাটে অতিষ্ঠ হয়ে কার্যত অভিনব প্রতিবাদে নামলেন উত্তরাখণ্ডের হরিদ্বারের কংগ্রেস বিধায়ক বীরেন্দ্র জাত্তি। স্থানীয় মানুষের দীর্ঘদিনের অভিযোগকে সামনে রেখে তিনি বিদ্যুৎ দফতরের তিন শীর্ষ কর্তার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রুরকি এলাকায়। ইতিমধ্যেই বিধায়কের বিরুদ্ধে রুরকি সিভিল লাইন্স থানায় অভিযোগ দায়ের করেছে বিদ্যুৎ দফতর।
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে সদলবলে মই ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে বিদ্যুৎ দফতরের কর্তা-আধিকারিকদের বাড়িতে পৌঁছন বিধায়ক। প্রথমে তিনি যান সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার বিবেক রাজপুতের বাড়িতে। অভিযোগ, যে খুঁটি থেকে ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল, সেখানে মই বেয়ে উঠে নিজেই সংযোগ বিচ্ছিন্ন করেন বিধায়ক। এরপর তিনি মুখ্য ইঞ্জিনিয়ার অনুপম সিংহ এবং এগ্জ়িকিউটিভ ইঞ্জিনিয়ার বিনোদ পাণ্ডের বাড়িতেও গিয়ে বিদ্যুৎ সংযোগ কেটে দেন।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। বিধায়কের দাবি, তাঁর বিধানসভা এলাকায় দিনে পাঁচ থেকে আট ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। কোনও আগাম ঘোষণা ছাড়াই লোডশেডিং করা হচ্ছে, ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাঁর অভিযোগ, গত দশ দিন ধরে একাধিকবার বিদ্যুৎ দফতরকে সমস্যার কথা জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি।
বিধায়কের কথায়, “এক ঘণ্টা বিদ্যুৎ না থাকলেই কর্তাদের মধ্যে হাহাকার পড়ে যায়, অথচ সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে থাকতে হচ্ছে।”
অন্যদিকে, বিদ্যুৎ দফতরের অভিযোগ, বিধায়ক আইন নিজের হাতে তুলে নিয়েছেন এবং নিয়ম মেনে শাটডাউন না করেই সংযোগ বিচ্ছিন্ন করেছেন। তাঁদের মতে, এতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে এবং তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।







