খেলাধুলা

আইএসএল নিয়ে চরম অনিশ্চয়তা! সোমবারই কি হবে ভাগ্য নির্ধারণ? ফেব্রুয়ারিতে শুরু না হলে বাতিলের আশঙ্কা

ভারতীয় ফুটবলের আকাশে ঘনিয়ে আসা অনিশ্চয়তার মেঘ কাটাতে মরিয়া চেষ্টা শুরু করেছে ফেডারেশন ও ক্লাব কর্তৃপক্ষ। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে একটা বিষয় পরিষ্কার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যদি বল মাঠে না গড়ায়, তবে এই মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) হওয়ার আশা কার্যত শেষ। এই চরম বাস্তবটা উপলব্ধি করেই শুক্রবার দুপুরে ফের আলোচনায় বসছেন ফেডারেশনের তিন সদস্যের কমিটি ও ক্লাব প্রতিনিধিরা। তবে শুক্রবারই সব চূড়ান্ত হয়ে যাবে এমনটা ভাবা কঠিন; আসল ফয়সালা হতে পারে আগামী সোমবার অর্থাৎ ২৯ ডিসেম্বর।

গত বুধবারের প্রাথমিক আলোচনার পর দু’পক্ষই নিজেদের মতো করে কিছু প্রস্তাব তৈরি করেছে। ক্লাবগুলোর মূল দাবি হলো আইএসএলের দীর্ঘমেয়াদী চুক্তির একটা স্থায়ী সমাধান। তারা শুধু এ বছরের জন্য দায়সারা গোছের টুর্নামেন্ট খেলতে রাজি নয়। উল্টোদিকে, ফেডারেশনের কমিটি চাইছে আপাতত লিগটা শুরু করে ফুটবলারদের মাঠে ফেরাতে। শুক্রবারের বৈঠকে এই দুই ভিন্ন মেরুর ভাবনাকে এক জায়গায় আনার চেষ্টা হবে। এরপর সোমবার সব ক্লাবের প্রতিনিধিদের নিয়ে বসবে বড় বৈঠক, যেখানে হাজির থাকবেন ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণও। ওইদিনই বোঝা যাবে এবারের আইএসএল আদৌ আলোর মুখ দেখবে কি না।

ক্লাবগুলোর একটা বড় চিন্তা হলো খরচ কমানো। জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টের চেয়ে তারা এখন কম খরচে টুর্নামেন্ট আয়োজন করে ফুটবলটাকে বাঁচিয়ে রাখতে চাইছে। এই কাজে রাজ্য সরকারগুলোর সাহায্য পাওয়া যাবে কি না, সেটাও একটা বড় প্রশ্ন। প্রস্তাব উঠেছে যে, বাংলায় খেলা হলে বড় ম্যাচগুলো ছাড়া বাকিগুলো কিশোরভারতী বা কল্যাণীর মতো ছোট মাঠে করা যেতে পারে। এতে যেমন খরচ কমবে, তেমনই ফুটবলটাও সচল থাকবে।
আসলে ফুটবলমহলের সবার কাছেই এখন পরিষ্কার যে, ডামাডোল কাটিয়ে ফুটবলটা শুরু হওয়া জরুরি। কিন্তু ক্লাবগুলি আগে নিশ্চিত হতে চায় যে ফেডারেশন তাদের দীর্ঘমেয়াদী দাবিদাওয়া নিয়ে কতটা আন্তরিক। ফেডারেশন আবার মনে করছে, একদিনের আলোচনায় দীর্ঘ চুক্তির জট খোলা সম্ভব নয়; বরং খেলা শুরু করে দু’পক্ষ যৌথভাবে সুপ্রিম কোর্টে গিয়ে শর্তগুলো নিয়ে আবেদন জানাতে পারে। এখন বল পুরোটাই ক্লাবগুলোর কোর্টে। তারা যদি দীর্ঘ চুক্তির দাবিতে অনড় থেকে খেলা বন্ধ রাখতে চায়, তবে মরশুমটা ভেস্তে যাবে। আর যদি আলোচনার মাধ্যমে খেলার ফাঁকে সমাধান খুঁজতে রাজি হয়, তবে ফেব্রুয়ারিতেই দর্শকরা গ্যালারিতে ফেরার সুযোগ পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.