মোহনবাগানের প্রশাসনিক ইতিহাসে শুরু হল এক নতুন যুগ। দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে সমঝোতার রূপরেখা তৈরি করে সচিব পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন সৃঞ্জয় বসু। শনিবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিচারপতি (অব.) অসীমকুমার রায়ের ঘোষণায় তা চূড়ান্ত হল। নতুন সচিব হিসেবে সৃঞ্জয়ের নাম আগে থেকেই ঠিক ছিল। কারণ, প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁর বিজয় ছিল নিশ্চিত।
শুরুতে দুই পক্ষ আলাদা ভাবে প্রচারে নামলেও শেষ মুহূর্তে একত্রিত হয়ে একই প্যানেল থেকে মনোনয়ন জমা দেন সৃঞ্জয় ও প্রাক্তন সচিব দেবাশিস দত্ত। সাংবাদিক সম্মেলনে তাঁরা জানান, ক্লাবের বৃহত্তর স্বার্থে এই ঐক্য। সেই বার্তাকে বাস্তবে রূপ দিয়ে গঠিত হল ২১ সদস্যের নতুন কার্যকরী কমিটি, যার প্রথম বৈঠক হবে সোমবার। সেখানেই সভাপতির নাম ঘোষণা হবে। কার্যত নিশ্চিত, সেই পদে আসতে চলেছেন দেবাশিস দত্ত।
এই রদবদলে মোহনবাগানের পুরনো অভিভাবক স্বপনসাধন (টুটু) বসু-র অবস্থান নিয়ে জল্পনা থাকলেও, সৃঞ্জয় স্পষ্ট করেছেন যে, টুটুবাবুর আশীর্বাদ এবং সহযোগিতা ক্লাবের সঙ্গেই থাকবে, এমনটাই আশা করা হচ্ছে।
সচিব হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে সৃঞ্জয় বলেন, “মোহনবাগান ক্লাবের জন্যই আমরা এক হয়েছি। সমর্থকদের পরামর্শ, অভিজ্ঞতা, আবেগ—সব মিলিয়ে গঠিত হবে আমাদের সেরা একাদশ। নতুন কমিটি ক্লাবকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে।” অভিজ্ঞতা ও উদ্যমের এই সমন্বয় মোহনবাগানকে আগামী দিনে আরও সুসংহত করে তুলবে, এমনটাই আশাবাদী সবুজ-মেরুন সমর্থকরা।







