রাজ্যস্বাস্থ্য

রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু আয়ুষ্মান ভারত, বিনামূল্যে চিকিৎসার আওতায় ৬ কোটি মানুষ

পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হল ‘আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ (AB-PMJAY)। ১৬ অগস্ট ‘আয়ুষ্মান দিবস’ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের সূচনা ঘোষণা করেন। নতুন ব্যবস্থায় রাজ্যের প্রায় ১ কোটি ৪৩ লক্ষ পরিবার অর্থাৎ প্রায় ৬ কোটি মানুষ বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন।

পাশাপাশি, আয়ুষ্মান ভারতের তালিকার বাইরে থাকা প্রায় ৮০ লক্ষ পরিবারের জন্য ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’ চালুর কথাও জানান মুখ্যমন্ত্রী।

নতুন ব্যবস্থায় পশ্চিমবঙ্গের ১,২৪০টি বেসরকারি ও ৬২৭টি সরকারি হাসপাতাল-সহ দেশের মোট ৩৮,৬০৪টি নথিভুক্ত হাসপাতালে চিকিৎসার সুযোগ মিলবে। চিকিৎসা প্যাকেজের সংখ্যাও ১,৭০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ১,৯৫০টি। এর মধ্যে হাঁটু ও কোমর প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল অস্ত্রোপচারও অন্তর্ভুক্ত। এছাড়াও ৭০ বছর বা তার বেশি বয়সি সমস্ত প্রবীণ নাগরিক এই স্বাস্থ্যসুরক্ষার আওতায় থাকবেন।

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করতে রাজ্যে ১০০টি অমৃত ফার্মেসি এবং ৪৬৭টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র স্থাপনের চুক্তি হয়েছে। চোখের বিনামূল্যে চিকিৎসার জন্য চালু হয়েছে ‘সুদৃষ্টি’ কর্মসূচিও।

মুখ্যমন্ত্রী জানান, বেসরকারি হাসপাতালের রেট সংক্রান্ত সমস্যাও সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। পাশাপাশি সরকারের ১০০ দিনের কাজের বিস্তারিত রিপোর্ট শনিবার পুরুলিয়ার মানবাজারের কর্মসূচি থেকে প্রকাশ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.