কলকাতারাজনীতি

পুলিশের বিরুদ্ধে সরব উদ্যোক্তারা, বন্ধ মহম্মদ আলি পার্ক ও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো

পঞ্চমীর রাতে কলকাতার দুই ঐতিহ্যবাহী দুর্গাপুজোকে ঘিরে তীব্র বিতর্কে সরগরম হয়ে উঠল শহর। পুলিশের বিরুদ্ধে চরম অসহযোগিতার অভিযোগ তুলে শনিবার রাতেই মণ্ডপের আলো নিভিয়ে দর্শনার্থীদের জন্য পুজো বন্ধ করে দিলেন মহম্মদ আলি পার্কের পুজো উদ্যোক্তারা। অভিযোগ, প্রতি বছর দর্শনার্থীরা যে রুট ধরে আসেন, এবার সেই পথ ঘুরিয়ে দিয়েছে পুলিশ। এর ফলে ভিড় অনেকটাই কমে গিয়েছে, মানুষ চলে যাচ্ছেন অন্য পুজোয়।

পুলিশের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কলকাতার পুলিশ কমিশনারের দাবি, “দর্শনার্থীদের জন্য কোনও রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়নি। কলেজ স্কোয়ার থেকে এমজি রোড পর্যন্ত যাতায়াত অবাধ। সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়েও মহম্মদ আলি পার্কে যাওয়া যায়। পুলিশ কাউকে কোনও নির্দিষ্ট রাস্তায় যেতে বাধ্য করছে না।”

এদিকে, একই রাতে আরও এক ঐতিহ্যবাহী পুজো, সন্তোষ মিত্র স্কোয়ারে দেখা গেল অভূতপূর্ব পরিস্থিতি। পুলিশের বিরুদ্ধে সরাসরি ‘চক্রান্ত’-এর অভিযোগ তুললেন বিজেপি নেতা ও পুজোর উদ্যোক্তা সজল ঘোষ। তাঁর দাবি, “অপারেশন সিঁদুর” থিম নিয়ে শো চালাতে বাধা দিচ্ছে পুলিশ। এমনকি পুজো বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সজলের অভিযোগ, “প্রতি বছর পুজোকে ঘিরে পুলিশি অসভ্যতামি, অসহযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। এইভাবে চলতে থাকলে পুলিশের সঙ্গে লড়াই করে পুজো চালানো সম্ভব নয়।” আরও গুরুতর অভিযোগ তুলে তিনি বলেন, “সরকার চক্রান্ত করে ৪০ ফুট রাস্তা গার্ডরেল দিয়ে বন্ধ করে দিয়েছে। ৭০০ মিটারে পৌঁছনো যায় এমন জায়গায় মানুষকে ৩-৩.৫ কিলোমিটার ঘুরিয়ে ১৫ ফুটের ব্যারিকেড দিয়ে পাঠানো হচ্ছে। এমনকি সমস্ত স্থানীয় সিভিক ভলান্টিয়ারদেরও বসিয়ে দিয়েছে পুলিশ।”

উল্লেখ্য, শুক্রবারই চতুর্থীর দিনে এই পুজোর উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। আর ঠিক পরদিনই পুলিশ বনাম উদ্যোক্তা সংঘাত ঘিরে তৈরি হল রাজনৈতিক উত্তেজনা।

দুর্গাপুজোর আনন্দে রাজনীতি ও প্রশাসনিক টানাপোড়েনের ছায়া পড়ায় ক্ষুব্ধ সাধারণ দর্শনার্থীরাও। প্রশ্ন উঠছে — দুর্গার আগমনী উৎসব কি তবে এবার রাজনৈতিক সংঘাতের বলি হতে চলেছে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.