বীরভূম: নাবালিকার উপর পাশবিক যৌন নির্যাতনের ঘটনায় কঠোর সাজা শোনাল আদালত। ৮ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অপরাধে অভিযুক্ত প্রতিবেশী শেখ ইরমানকে ৫০ হাজার টাকা জরিমানা সহ ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করল মহামান্য আদালত।
ঘটনাটি ঘটে ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি। সেদিন বিকেলে টিউশন পড়তে যাওয়ার পথে ৮ বছরের ওই নাবালিকাকে ভুল বুঝিয়ে এবং চাকুর ভয় দেখিয়ে একটি স্কুলে নিয়ে যায় অভিযুক্ত শেখ ইরমান। অভিযোগ, সেখানেই শিশুটির উপর পাশবিক যৌন নির্যাতন চালায় সে।
ঘটনার পর নাবালিকার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে বীরভূম জেলার শান্তিনিকেতন থানায় যৌন নির্যাতনের মামলা রুজু হয়। মামলার প্রথম তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর ধ্রুবজ্যোতি দত্ত দ্রুত তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করেন। পরবর্তীতে দ্বিতীয় তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর কস্তূরী মুখার্জী চ্যাটার্জি নিখুঁত তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সম্প্রতি আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। রায়ে বলা হয়, শিশুদের বিরুদ্ধে এ ধরনের ঘৃণ্য অপরাধে কোনও রকম রেয়াত দেওয়া যায় না। সেই বার্তাই স্পষ্ট করে ২০ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দেন বিচারক।
এই রায়কে স্বাগত জানিয়ে আইনজীবী মহল ও সাধারণ মানুষের একাংশ জানিয়েছেন, শিশু নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ নজির।







