অনুপমজানা, বেলদা :
চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার গোবিন্দপুরে অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে। রবিবার সকালে মৃতদেহ নার্সিংহোমের সামনে রেখে বিক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
মৃত গৃহবধূর নাম সঙ্গীতা বিশ্বাস (২৫)। বাড়ি বেলদা থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের স্কুল মোড় এলাকায়। মৃতার স্বামী স্বত্যদ্বীপ বিশ্বাসের অভিযোগ, শনিবার সন্ধ্যায় সামান্য পেটের ব্যথা নিয়ে স্ত্রীকে ওই নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসার পর অবস্থার উন্নতি না হয়ে গভীর রাতে তার যন্ত্রণা আরও বাড়তে থাকে।
পরিবারের দাবি, যথাযথ চিকিৎসা না করে পরদিন সকালে কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে USG করানোর পরামর্শ দেন। এরপর পরিবারের লোকজন তাকে বেলদার একটি স্ক্যান সেন্টারে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন। অভিযোগ, মৃত অবস্থাতেই রোগীকে USG করাতে পাঠানো হয়।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রবিবার সকালে মৃতদেহ নার্সিংহোমের সামনে রেখে বিক্ষোভ শুরু করেন পরিবার ও এলাকাবাসী। অভিযোগ ওঠে নার্সিংহোমে ভাঙচুরেরও। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বেলদা থানার ওসি প্রণব সেনাপতি সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে ওই নার্সিংহোম বন্ধ করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।







