রাজ্য

গরম চা ছুঁড়ে, মারধর করে কেড়ে নেওয়া হল টাকা–মোবাইল! নাগপুরে বাংলার তিন শ্রমিককে মারধরের অভিযোগ

বাংলায় কথা বলাই অপরাধ! বিজেপি শাসিত মহারাষ্ট্রে ফের একবার তারই নগ্ন প্রমাণ মিলল। ছুটিতে বাড়ি ফেরার পথে নাগপুরে বাংলাদেশি তকমা দিয়ে বাংলার তিন পরিযায়ী শ্রমিককে মারধর ও লুটপাটের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। গরম চা ছুঁড়ে দেওয়া থেকে শুরু করে শারীরিক অত্যাচার— সবকিছুর পর প্রাণ হাতে নিয়ে কোনরকমে পশ্চিমবঙ্গে ফিরেছেন তাঁরা।

আক্রান্তরা দুর্গাপুর ফরিদপুর ব্লকের পলাশবনি ও শিরসা এলাকার বাসিন্দা দিলীপ বাগদি, তপন বাউরি ও সমীর বাউরি। তাঁরা মহারাষ্ট্রের একটি বেসরকারি খনি সংস্থায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার ছুটি নিয়ে বাড়ি ফেরার সময় নাগপুর স্টেশনে যাওয়ার পথে টোটো আটকায় একদল যুবক।

অভিযোগ, প্রথমেই প্রশ্ন করা হয়— কেন বাংলায় কথা বলছ? নিজেদের পরিচয় দিতেই টোটো থেকে টেনে নামিয়ে তাঁদের বাংলাদেশি বলে গালিগালাজ করা হয়। এরপর শুরু হয় বেধড়ক মারধর। অভিযোগ, এক শ্রমিকের গায়ে গরম চা ছুঁড়ে দেওয়া হয়। কেড়ে নেওয়া হয় নগদ টাকা, মোবাইল ও ব্যাগ। শেষে নিঃস্ব অবস্থায় বাড়ির লোকজনের কাছ থেকে অনলাইনে টাকা এনে কোনওমতে রাজ্যে ফেরেন তাঁরা।

ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে আক্রান্ত শ্রমিকদের সঙ্গে দেখা করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি স্পষ্ট ভাষায় বলেন,
“এটাই বিজেপির বাংলা বিদ্বেষী রাজনীতির আসল চেহারা। বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা, মারধর, লুটপাট। বিজেপি শাসিত রাজ্যে বাংলার কেউ আজ নিরাপদ নয়। বাংলার মানুষ এই অপমান কখনও ক্ষমা করবে না।”

তিনি আরও জানান, আক্রান্ত শ্রমিকদের পাশে দল সম্পূর্ণভাবে আছে এবং সাত দিনের মধ্যে এলাকাতেই কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে।

অন্যদিকে জেলা বিজেপির নেতা শ্রীদীপ চক্রবর্তী ঘটনার খোঁজ নেওয়ার আশ্বাস দিলেও প্রশ্ন উঠছে— বিজেপি শাসিত রাজ্যে বারবার কেন নিশানা হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা?

একাধিক রাজ্যে একই ছবি। ভাষা, পরিচয়ের ভিত্তিতে হেনস্থা। নাগপুরের এই ঘটনা ফের সামনে এনে দিল একটাই প্রশ্ন— দেশের নাগরিক হয়েও কেন বাংলার মানুষকে প্রমাণ দিতে হবে তারা ভারতীয়?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.