রাজ্য

নির্বাচন কমিশনের কড়া বার্তা: ভোটের কাজে নিষিদ্ধ চুক্তিভিত্তিক কর্মী

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোট পরিচালনা নিয়ে আরও কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে এবার চুক্তিভিত্তিক কর্মীদের সম্পূর্ণভাবে ভোটের দায়িত্বের বাইরে রাখার নির্দেশ জারি করা হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে সব জেলার নির্বাচন আধিকারিকদের কাছে পাঠানো নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কোনও পরিস্থিতিতেই কনট্রাকচুয়াল কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীদের পোলিং ডিউটিতে নিযুক্ত করা যাবে না। কমিশনের মতে, ভোট পরিচালনার মতো গুরুত্বপূর্ণ কাজে শুধুমাত্র স্থায়ী সরকারি কর্মী বা কেন্দ্রীয় সংস্থার কর্মীদেরই অন্তর্ভুক্ত করা উচিত। নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচন সংক্রান্ত বিদ্যমান আইন ও নির্ধারিত চেকলিস্ট অনুসরণ করেই পোলিং পার্সোনেল নির্বাচন করতে হবে। এর ব্যতিক্রম ঘটলে তা গুরুতর নিয়মভঙ্গ হিসেবে গণ্য হবে ও পুরো নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

অতীতে এই ধরনের নিয়োগ নিয়ে আদালতের পর্যবেক্ষণের কথাও স্মরণ করিয়ে দিয়েছে কমিশন। এদিকে, সব জেলা প্রশাসনকে আলাদা করে পোলিং পার্সোনেলের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই তালিকায় কোনও চুক্তিভিত্তিক কর্মী নেই এই মর্মে লিখিত সার্টিফিকেট জমা দিতে হবে আগামী ৩০ মার্চের মধ্যে। প্রশাসনিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচন কমিশনের এই পদক্ষেপে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা আরও জোরদার হবে বলেই মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.