লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে গো-হার হয়েছে বিজেপির। এবার সেই বিপর্যয়ের জন্য সরাসরি সিপিএমকে দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, এদিন রেড রোডে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন কর্মসূচিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে শুভেন্দু সিপিএম নেতৃত্বের প্রতি কটাক্ষ দাগেন। এবং ইঙ্গিতে বুঝিয়ে দেন, সিপিএম এইবারের ভোটে তৃণমূলকে সাহায্য করেছে।
শুভেন্দুর উক্ত মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজনের মতে, বাংলায় সিপিএম ঘোষিত নীতিই হল রাজ্যে তৃণমূলের অপশাসন ও ভারতবর্ষে বিজেপির অনাচারের বিরুদ্ধে লড়াই করা। তাঁদের রাজনৈতিক অবস্থান পুরোদমে পরিষ্কার। উক্ত প্রসঙ্গে বাক-বিতন্ডার কোনও জায়গা থাকতে পারে না।
সরব তৃণমূলের সোশাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যও। তাঁর কথায়, বিজেপি নিজেদের ভোট ধরে রাখতে পারেনি। ২০১৯-এর তুলনায় বিজেপির ভোট প্রায় দেড় শতাংশ কমেছে। নির্বাচনে হেরে যুক্তি খাটানোর পর্ব চলছে৷
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরে সাত দফায় লোকসভা নির্বাচন হয়েছে। ৪ জুন ফলপ্রকাশ হয়। বাংলার ৪২টি আসনের মধ্যে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দখলে এসেছে ২৯টি আসন। বিজেপি ১২টি আসন দখল করেছে। কংগ্রেস মাত্র একটি আসনে জয়লাভ করেছে। তবে এবারও বাংলায় খাতা খুলতে সক্ষম হয়নি বামেরা৷







