লোকসভা নির্বাচনের ফলাফলে বাংলায় ২৯টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। জয়ী এই ২৯ জন প্রার্থীকে নিয়ে এবার কালীঘাটে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত থাকছেন থাকবেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল সূত্রে খবর, আগামী শনিবার বিকেলে কালীঘাটে মমতার বাড়িতে এই বৈঠক হওয়ার সম্ভাবনা৷
প্রসঙ্গত, গতকাল জয়লাভের পরবর্তীতে বিজেপি যে নোংরা রাজনীতি করছে সেই অভিযোগও তুলেছিলেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উবাচ, ‘আমি গোটা দেশের ফল দেখেছি। এখন সব ফল সামনে আসেনি। তবে বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে। তাই আমি ফোন করেছিলাম অখিলেশ যাদবকে। ফোন করেছি শরদ যাদব, কল্পনা সোরেন, অরবিন্দর স্ত্রী–সহ যাদের ফোনে পেয়েছি। আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠক আছে। সেখানে আমি যেতে পারব না। কারণ রাজ্যটাকে তো সিআরপিএফের হাতে ছেড়ে দিতে পারি না। তাহলে তো ওরা বাংলার মানুষের উপর অত্যাচার করবে।’
পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২০১৯ সালে ২২টি আসন পেয়েছিল তৃণমূল। সংসদে গিয়েছিলেন ২২ জন। এবার সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তৃণমূল সূত্রে খবর, দলের এই ফল বিশ্লেষণ করা হতে পারে উক্ত বৈঠকে।







