কলকাতা

পার্ক সার্কাসে ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা, চাঙড় ভেঙে প্রাণ গেল প্রৌঢ়ার

কলকাতার পার্ক সার্কাস এলাকায় ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির চাঙড় খসে মৃত্যু হল এক প্রৌঢ়া মহিলার। ঘটনায় আহত হয়েছেন শিশু-সহ আরও বেশ কয়েক জন। দুর্ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়ায়। নিরাপত্তার কারণে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

মৃতের নাম রাবিয়া খাতুন। বয়স আনুমানিক ৬০-এর কাছাকাছি। সোমবার ভোর প্রায় তিনটে নাগাদ পার্ক সার্কাসের লোহাপুল এলাকার একটি তিনতলা বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, বাড়িটির একতলায় ভাড়া থাকতেন রাবিয়া ও তাঁর পরিবার।

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, একতলার ঘরের সিলিংয়ের একটি বড় অংশ আচমকাই ভেঙে পড়ে। সেই সময় ঘরের ভিতরে পরিবারের সকলেই ঘুমোচ্ছিলেন। গভীর রাতে হঠাৎ চাঙড় ভেঙে পড়ায় পরিবারের সদস্যদের উপরে তা আছড়ে পড়ে। ঘুমন্ত অবস্থাতেই গুরুতর আহত হন তাঁরা।

সূত্রের খবর, চাঙড়ের ভারে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাবিয়া খাতুনের। দুর্ঘটনার শব্দে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা পরিবারকে বের করে আনেন।

রাবিয়া-সহ চার জনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকেরা রাবিয়াকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে দুই জন শিশু রয়েছে। তাদের মধ্যে এক জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও, অপর এক শিশু ও আরও দু’জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। গোটা এলাকা ব্যারিকেড করে দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাড়িটি পুরনো ও জরাজীর্ণ ছিল। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তাঁদের দাবি।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাড়িটির নির্মাণগত ত্রুটি বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.