চলতি অর্থবর্ষে ফের বাজার থেকে বিপুল অঙ্কের ঋণ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। অক্টোবর থেকে ডিসেম্বর— এই তৃতীয় ত্রৈমাসিকে রাজ্য সরকার প্রায় ২৯ হাজার কোটি টাকা ঋণ তোলার তোড়জোড় শুরু করেছে। অর্থ দফতর সূত্রে খবর, এই ঋণ তোলা হলে চলতি অর্থবর্ষে রাজ্যের মোট বাজারঋণের অঙ্ক দাঁড়াবে প্রায় ৭৮ হাজার কোটি টাকা। অর্থনৈতিক বিশেষজ্ঞদের আশঙ্কা, রাজ্য যদি আরও ঋণ নেয়, তবে চলতি বছরে বাজার থেকে ঋণের পরিমাণ ১ লক্ষ কোটি টাকার গণ্ডি ছুঁতে পারে।
২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে বাজারঋণের পরিমাণ ধরা হয়েছিল ৮২ হাজার কোটি টাকা, কিন্তু একাধিক নতুন প্রকল্প চালুর কারণে সেই সীমা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল।
এদিকে, এই ধারাবাহিক ঋণ গ্রহণ নিয়ে সরব হয়েছে বিরোধী বিজেপি। তাদের প্রশ্ন — “সরকার যে অর্থ ধার করছে, তা কীভাবে ব্যয় হচ্ছে? নিত্যপ্রয়োজনীয় খাতে এই ঋণের টাকা ব্যবহার করলে রাজ্যের আর্থিক ভারসাম্য আরও বিপন্ন হবে।” বিজেপির অভিযোগ, রাজ্যের দেনার বোঝা ক্রমেই বাড়ছে। সরকারি হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্যের দেনা ছিল ৬.৩৩ লক্ষ কোটি টাকা, যা ২০২৪-২৫ সালে বেড়ে হয়েছে ৭ লক্ষ কোটি টাকারও বেশি। বিরোধীদের আশঙ্কা, ২০২৫-২৬ অর্থবর্ষে এই অঙ্ক ৮ লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছতে পারে।
তৃণমূল কংগ্রেস অবশ্য বিরোধীদের আশঙ্কাকে গুরুত্ব দিতে নারাজ। শাসক শিবিরের পাল্টা দাবি, কেন্দ্রীয় প্রকল্পগুলির তহবিল সময়মতো রাজ্যের হাতে না পৌঁছনোর ফলেই রাজ্যকে নিজস্ব অর্থে বহু প্রকল্প এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। ফলে রাজস্ব আয় বাড়লেও ব্যয়ও বেড়েছে, তাই বাজার থেকে ঋণ নেওয়া বাধ্যতামূলক হয়ে উঠেছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে রাজ্যের আর্থিক নীতি নিয়ে এই তরজা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।







