প্রিয়া সিনেমা হলে রবিবারের সকালটা যেন ফিরে গেল বাংলা সিনেমার এক সোনালি অধ্যায়ে। একদিকে প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘মহারাজা তোমারে সেলাম’-এর মোশন পোস্টার ও চরিত্রদের প্রথম লুক, অন্যদিকে ঘোষণা হল সত্যজিৎ রায়ের কালজয়ী ‘গুপী গাইন বাঘা বাইন’-এর অত্যাধুনিক 4K Restoration-এর।
সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘মহারাজা তোমারে সেলাম’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জিতু কমল, ঋত্বিক ভৌমিক, রুদ্রনীল ঘোষ, শমীক রায় চৌধুরী, শতাক্ষী নন্দী, সৈরিতি বন্দ্যোপাধ্যায় ও অরিজিৎ দত্ত। ছবির কেন্দ্রে রয়েছে ‘গুপী গাইন বাঘা বাইন’-এর সৃষ্টির নেপথ্যকথা—সত্যজিৎ রায়ের কল্পনা, সৃজনশীল লড়াই ও অধ্যবসায়ের গল্প।
ছবিটির ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র। অনুষ্ঠানে ব্যান্ড পরিধির বিশেষ পরিবেশনাও দর্শকদের ফিরিয়ে নিয়ে যায় গুপী-বাঘার চেনা সুরের জগতে।
তবে দিনের বড় চমক ছিল 4K Restoration-এর ঘোষণা। Film Heritage এবং মার্টিন স্করসেসির Film Foundation-এর সহযোগিতায় এই ঐতিহাসিক কাজটি হচ্ছে। ২০২৭ সালে restored version দর্শকদের সামনে আসার কথা।
অন্যদিকে একই বছরে মুক্তি পাওয়ার কথা ‘মহারাজা তোমারে সেলাম’-এরও। অর্থাৎ ২০২৭ সালে একদিকে নতুন প্রযুক্তিতে ফিরবে সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি, অন্যদিকে সামনে আসবে সেই সৃষ্টির জন্মের নেপথ্যকাহিনি। ফলে বাঙালি দর্শকের কাছে ২০২৭ সাল হয়ে উঠতে পারে সত্যিই ‘গুপী-বাঘা’র বছর।







