চলচ্চিত্রজীবনে টানা ৩৩ বছর। প্রশংসার পাশাপাশি অগণিত সমালোচনা—সবকিছুকে সঙ্গী করেই এগিয়ে চলেছিলেন তিনি। পাশে পেয়েছিলেন একঝাঁক অনুগত ভক্তকে। আর সেই ভক্তদের উদ্দেশেই এ বার বড় সিদ্ধান্তের ঘোষণা করলেন থালাপতি বিজয়। মাত্র ৫১ বছর বয়সে আনুষ্ঠানিকভাবে অভিনয় থেকে অবসরের কথা জানালেন তামিল সুপারস্টার।
মালয়েশিয়ায় এইচ. বিনোথ পরিচালিত ‘জানা নায়গান’ ছবির গানমুক্তির অনুষ্ঠানের মঞ্চ থেকেই অবসরের ঘোষণা করেন বিজয়। সেই সঙ্গে স্পষ্ট করে দেন, ‘জানা নায়গান’ই হতে চলেছে তাঁর শেষ ছবি। ঘোষণার মুহূর্তে আবেগঘন হলেও চেনা ছন্দেই গানের তালে কোমর দোলাতে দেখা যায় অভিনেতাকে।
থালাপতি বিজয়ের অভিনয়জীবনের শুরু খুব অল্প বয়সেই। মাত্র ১০ বছর বয়সে তামিল ছবি ‘ভেত্রি’-তে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ। এরপর দীর্ঘ পথচলা। ১৮ বছর বয়সে ১৯৯২ সালে ‘নালাইয়া থেরপু’ ছবিতে প্রথমবার নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তারপর একের পর এক সফল ছবি, জনপ্রিয়তা, তারকাখ্যাতি—সব মিলিয়ে তামিল চলচ্চিত্রে এক অনন্য অধ্যায় তৈরি করেন বিজয়।
অভিনয়জীবন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিজয় বলেন, গত ৩৩ বছর ধরে তাঁকে নানা ধরনের সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। “নেতিবাচক ও ইতিবাচক—সব ধরনের সমালোচনার তির আমাকে বিঁধেছে। কিন্তু একই সঙ্গে পেয়েছি ভক্তদের নিঃশর্ত ভালোবাসা। ওঁদের মুখ চেয়েই এতগুলো বছর এই ইন্ডাস্ট্রিতে টিকে থেকেছি,” বলেন তিনি।
এরই মধ্যে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা রেখেছেন থালাপতি। আগেই রাজনৈতিক দলে আত্মপ্রকাশের ইঙ্গিত মিলেছিল। এ বার সেই পথেই পুরোপুরি হাঁটার সিদ্ধান্ত নিলেন তিনি। অভিনেতা-রাজনীতিবিদের কথায়, “অনুরাগীরা ছাড়া আমি অসম্পূর্ণ। তাই আগামী ৩৩ বছর তাঁদের জন্য কাজ করতে চাই। রাজনীতিবিদ হিসেবেই বাকি জীবন কাটাতে চাই। ভক্তদের কাছে আমার যে ঋণ, তা শোধ করতেই এই সিদ্ধান্ত।”
তামিল সিনেমার এক অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে থালাপতি বিজয়ের সামনে এখন নতুন রাজনৈতিক অধ্যায়। সিনেমার পর্দা থেকে রাজনীতির ময়দান—এই রূপান্তর ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।







