মহালয়ার ভোর মানেই রেডিওতে ‘মহিষাসুরমর্দিনী’-র সঙ্গে সঙ্গে ছোটপর্দায় অসুরের সেই ভয়ংকর মুখ। কুটিল দৃষ্টি, অট্টহাস্য আর পেশিবহুল চেহারায় যিনি বছরের পর বছর ধরে দর্শকদের মনে ভয় ও মুগ্ধতা একসঙ্গে ছড়িয়ে দিয়েছেন—তিনি অমল চৌধুরী। বাঙালির মনে মহিষাসুর বলতেই আজও ভেসে ওঠে তাঁর চেহারা। সেই অমল চৌধুরীই আর নেই।
বুধবার প্রয়াত হলেন নব্বইয়ের দশকের এই জনপ্রিয় অভিনেতা। অশোকনগরের সিংহি পার্ক এলাকার বাসিন্দা অমল চৌধুরী টলিপাড়ায় পরিচিত ছিলেন ‘অমল অসুর’ নামেই। কিন্তু পর্দার সেই প্রভাবশালী উপস্থিতির আড়ালে ব্যক্তিগত জীবন ছিল চরম সংগ্রামের।
প্রতিবেশীরা জানিয়েছেন, পরিবারের সঙ্গেই থাকতেন অমলবাবু। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাবা-মা, দাদা-দিদি—একেএকে সবাইকে হারান তিনি। শেষ জীবনে একাই থাকতেন। নিত্যসঙ্গী ছিল অসুস্থতা ও অর্থকষ্ট। অভাবের কারণে নিয়মিত চিকিৎসা করানো তো দূরের কথা, অনেক সময় ঠিকমতো খাবার জোটেনি বলেও দাবি প্রতিবেশীদের।
এদিন সকাল থেকে সাড়া না পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের। বারবার ডাকাডাকি করেও সাড়া না মেলায় খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে টিনের চালের ঘরের দরজা ভেঙে উদ্ধার করে অমল চৌধুরীর মৃতদেহ।
একসময় পেশিবহুল চেহারার জন্যই মহিষাসুরের চরিত্রে নির্বাচিত হয়েছিলেন তিনি। সেই চরিত্রেই দর্শকমনে স্থায়ী ছাপ ফেললেও, অভিনয় জগতে পরবর্তী সময়ে তেমন সুযোগ আর পাননি। শেষের দিকে অভাব-অনটনে শরীরও ভেঙে পড়েছিল।
অভিনেতা হওয়ার আগে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন অমল চৌধুরী। মহালয়ার প্রতি গভীর টান থেকেই আলো-ঝলমলে অভিনয়ের জগতে পা রাখেন। অভিনয়ের পাশাপাশি আঁকতে ভালোবাসতেন, একসময় ছোটদের ছবি আঁকাও শেখাতেন। দুর্ঘটনায় পায়ে চিড় ধরার পর চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু তাতেও বিশেষ সাড়া মেলেনি।
মহালয়ার ভোরে যাঁর অভিনয় ছাড়া বাঙালির দুর্গাপুজোর স্মৃতি অসম্পূর্ণ, সেই অমল চৌধুরীর জীবনাবসান যেন ফের একবার প্রশ্ন তুলে দিল—শিল্পীর জনপ্রিয়তা কি তাঁর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না?







