বিনোদন

হিন্দি ওয়েব সিরিজে ঋতুপর্ণার অভিষেক, হনসল মেহেতার প্রজেক্টে টলিউড ডিভা!

টলিউড ডিভা ঋতুপর্ণা সেনগুপ্ত এবার পা রাখছেন হিন্দি ওয়েব সিরিজের জগতে। প্রখ্যাত পরিচালক হনসল মেহেতার সঙ্গে কাজ করবেন তিনি, যা টলিউড ও বলিউডের যোগসূত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে। একের পর এক গুরুত্বপূর্ণ কাজের অংশ হচ্ছেন ঋতুপর্ণা, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি ‘পুরাতন’ বক্স অফিসেও সাফল্য লাভ করেছে। এই ছবির হাত ধরে প্রযোজক ঋতুপর্ণার নবজন্ম হয়েছে বলা চলে।
ইদানিংকালে টলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীকেই হিন্দি সিরিজে কাজ করতে দেখা গিয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, জিৎ, আবির চট্টোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরীর মতো অনেকেই হিন্দি প্ল্যাটফর্মে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন। স্বস্তিকা মুখোপাধ্যায় ও পাওলি দামও হিন্দিতে কাজ করেছেন। তবে ঋতুপর্ণা সেনগুপ্তর ওয়েব ডেবিউ তে হেভিওয়েট কাজই হতে হবে তেমনটাই প্রত্যাশিত ছিল। অনেকদিন ধরেই জল্পনা চলছিল, কবে তাঁকে হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী হিন্দি সিরিজে কাজ করতে চলেছেন। হনসল মেহেতার ওয়েব সিরিজে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে।
যদিও নতুন কাজ নিয়ে অভিনেত্রী এখনও কিছু খোলসা করেননি। তিনি বর্তমানে দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মাসখানেক আগে শোনা গিয়েছিল, ‘গান্ধী’ ওয়েব সিরিজের পর হনসল মেহেতা তাঁর স্বপ্নের প্রজেক্টে হাত দিতে চলেছেন। নেটফ্লিক্সের এই সিরিজে দুই বিজনেস টাইকুনের দ্বৈরথ দেখানো হবে, যেখানে অনিল কাপুর, বিজয় বর্মা, নেহা ধুপিয়াসহ গুরুত্বপূর্ণ চরিত্রে রাইমা সেনও থাকছেন। বলিউড মাধ্যম সূত্রে খবর, চলতি মাসেই শ্রীলঙ্কায় শুটিং শুরু হবে। শোনা যাচ্ছে, হনসলের সেই সিরিজেই বিশেষ এক ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণাকে। অনিল কাপুর ও রাইমা সেনের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করবেন কি না, তা নিয়ে যদিও অভিনেত্রী বা প্রযোজনা সংস্থার তরফে কিছুই জানানো হয়নি। তবে ঋতুপর্ণার এই নতুন পথচলা নিয়ে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.