নিজস্ব প্রতিবেদন: ২০০৫ সালের কথা। পরের বছরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার এক বছর আগেই তৎকালীন তৃণমূল নেতা মুকুল রায় দাবি তুলেছিলেন—বাংলায় যত বেশি দফায় সম্ভব ভোট হোক। ২০১১ সালের ‘পরিবর্তনের’ নির্বাচনের আগেও সাত দফায় ভোটের দাবি জানিয়েছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত ভোট হয়েছিল ছয় দফায়। এরপর ২০১৬ ও ২০২১—দু’টি বিধানসভা নির্বাচনেই বহু দফার ভোটই ছিল দস্তুর।
কিন্তু ২০২৬-এর নির্বাচনের আগে সেই চেনা ছবিটাই বদলাতে চলেছে। ভোটের দফা কমানোর প্রশ্নে অদ্ভুতভাবে একই সুর শোনা যাচ্ছে নির্বাচন কমিশন এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের গলায়। রাজনৈতিক মহলে জোর জল্পনা—এবার পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হতে পারে মাত্র দুই বা তিন দফায়।
এই জল্পনা শুধু রাজনৈতিক অন্দরেই সীমাবদ্ধ নেই। ‘বাসুদার চায়ের দোকান’ থেকে শুরু করে পাড়া-মহল্লার আড্ডাতেও এখন একটাই প্রশ্ন—শেষমেশ ক’দফায় ভোট হচ্ছে বাংলায়?
বিজেপির ভাবনা কী?
রাজ্য বিজেপির দফতর মুরলীধর লেন সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে বাংলাতেও বিহারের মডেল। যেখানে এক সময় বহু দফায় ভোট হলেও, ২০২০ সালে তিন দফা এবং ২০২৫ সালে মাত্র দুই দফায় বিধানসভা নির্বাচন হয়েছে। বিজেপির যুক্তি—বেশি দফায় ভোট মানেই শাসক দলের সুবিধা। এক দফার ভোট শেষ হলে সেখানকার সংগঠিত ক্যাডার অন্য এলাকায় পাঠিয়ে দেওয়া যায়। পাশাপাশি দীর্ঘ সময় ধরে ভোট চললে কর্মীদের মধ্যে ক্লান্তি আসে, প্রচারের ধারও কমে।
কমিশনের অবস্থান
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরও নাকি একইরকম ভাবছে। কমিশনের একাংশের মতে, সাত–আট দফায় ভোট করানো অপ্রয়োজনীয় ঝক্কি। দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘোরাতে হয়। তাছাড়া যে কারণে ভোটের দফা বাড়ানো হয়েছিল—বুথ দখল বা ছাপ্পা রুখতে—তা পুরোপুরি সফল হয়নি। তাই দুই থেকে তিন দফায় ভোটই বাস্তবসম্মত বলে মনে করছেন তাঁরা।
তৃণমূলের অবস্থান
২০২১ সালে আট দফায় ভোট নিয়ে তীব্র আপত্তি তুলেছিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় সরাসরি অভিযোগ করেছিলেন—এটি বিজেপির রাজনৈতিক চক্রান্ত। তবে এবার ভোটের দফা কমানোর সম্ভাবনা নিয়ে তৃণমূল কার্যত অপেক্ষা-দেখো নীতিতে। দলীয় সূত্রের বক্তব্য—এখন কমিশন যা সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে নিতে হবে।
কবে ভোট ঘোষণা?
ভোটের নির্ঘণ্ট ঘোষণার সময় নিয়েও জল্পনা তুঙ্গে। ২০১৬ সালে বিধানসভা ভোটের সূচি ঘোষণা হয়েছিল ৫ মার্চ, ২০২১ সালে ২৬ ফেব্রুয়ারি। সেই হিসেবে এ বছরও ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতেই নির্ঘণ্ট ঘোষণা হওয়ার কথা ছিল।
তবে SIR (Special Intensive Revision) প্রক্রিয়ায় একাধিক ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ ধরা পড়ায় ১৪ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সূত্রের খবর, তালিকা প্রকাশের দিন ৭ থেকে ১০ দিন পিছোতে পারে। সেক্ষেত্রে ভোট ঘোষণা গড়াতে পারে ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথম সপ্তাহে।
সাধারণত ভোট ঘোষণা থেকে প্রথম দফার ভোটের মধ্যে অন্তত এক মাস সময় দেওয়া হয়। ফলে সব কিছু ঠিকঠাক চললে এপ্রিলের গোড়াতেই হতে পারে প্রথম দফার ভোট। আর যদি শেষ পর্যন্ত দুই দফাতেই নির্বাচন হয়, তবে এপ্রিলের মধ্যেই ফল ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সব মিলিয়ে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতিতে যে বড়সড় বদল আসতে চলেছে, তা এখন স্পষ্ট ইঙ্গিতেই ধরা দিচ্ছে।







