আসন্ন আইএসএল মরশুমের সম্প্রচার স্বত্ব নিয়ে বড় পদক্ষেপ নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। দীর্ঘ টালবাহানার পর অবশেষে ৯১টি ম্যাচের লাইভ ব্রডকাস্টিংয়ের জন্য দরপত্র বা টেন্ডার আহ্বান করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে লিগ শুরু হওয়ার কথা থাকলেও এতদিন ব্রডকাস্টার চূড়ান্ত না হওয়ায় ক্লাব ও সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা কাজ করছিল। ফেডারেশনের এই নতুন উদ্যোগে সেই অনিশ্চয়তা কিছুটা কাটল বলে মনে করা হচ্ছে।
ফেডারেশনের প্রকাশিত ৩৯ পাতার এই টেন্ডার ডকুমেন্টে বেশ কিছু কড়া শর্ত আরোপ করা হয়েছে। আগ্রহী সংস্থাগুলোকে আগামী ১ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে তাদের আবেদন জমা দিতে হবে এবং পরের দিন অর্থাৎ ২ ফেব্রুয়ারি টেন্ডার খোলা হবে। এই প্রক্রিয়ায় অংশ নিতে হলে সংস্থাগুলোকে ৫ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা দিতে হবে।
সম্প্রচারকারী সংস্থা নির্বাচনের ক্ষেত্রে ফেডারেশন যোগ্যতার মাপকাঠি বেশ উঁচুতে রেখেছে। আবেদনকারী সংস্থার গত ৩ বছর ধরে জাতীয় বা আন্তর্জাতিক স্তরের স্পোর্টস ইভেন্ট লাইভ কভারেজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত দুটি মরশুম কোনো পেশাদার লিগ সম্প্রচারের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
সংস্থার নেটওয়ার্থ হতে হবে অন্তত ১০ কোটি টাকা। পাশাপাশি গত তিনটি অর্থবর্ষে তাদের গড় বার্ষিক আয়ও ১০ কোটি টাকার নিচে হলে চলবে না। কোনো একক সংস্থার পক্ষে এই শর্ত পূরণ কঠিন হলে তারা কনসোর্টিয়াম বা একাধিক সংস্থা মিলেও আবেদন করতে পারবে।
উল্লেখ্য, বাণিজ্যিক পার্টনার এফএসডিএল এর সঙ্গে চুক্তি নিয়ে আইনি জটিলতার কারণে এবারের আইএসএল নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যের হস্তক্ষেপে শেষ পর্যন্ত ১৪ ফেব্রুয়ারি থেকে লিগ শুরুর দিন ঠিক হয়েছে। যদিও ফেডারেশন এখনও পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করতে পারেনি। এর আগে একবার টেন্ডার ডাকা হলেও কোনো সংস্থা আগ্রহ না দেখানোয় এবার ফেডারেশন বাড়তি সতর্কতা অবলম্বন করছে।







