কলকাতার ডিসেম্বর হতে চলেছে স্বপ্নময়! যুবভারতী ক্রীড়াঙ্গনের আলোয় ফুটবে ফুটবল-তারকার মেলা। ১৩ ডিসেম্বর মেসির পা পড়ছে বাংলার মাটিতে, আর তাঁকে স্বাগত জানাতে হাজির থাকছেন একঝাঁক কিংবদন্তি। শুধু ‘লা পুলগা’ নন, শোনা যাচ্ছে সঙ্গে আসছেন তাঁর প্রাক্তন বার্সেলোনা সতীর্থ ডেকো ও ব্রাজিলের উইং জাদুকর দানি আলভেজও। এমনকি আর্জেন্টিনার প্রাক্তন গোলমেশিন গ্যাব্রিয়েল বাতিস্তুতাও থাকতে পারেন এই ঐতিহাসিক সন্ধ্যায়। এক ছাদের নিচে ফুটবলের চার দেবতা—ভাবতেই শিহরণ!
সংগঠক সূত্রে জানা গিয়েছে, মেসিকে চমকে দিতেই কলকাতায় এই বিশেষ আয়োজন। ডেকো-আলভেজকে হাজির করানোর পরিকল্পনা রাখা হয়েছে গোপন সারপ্রাইজ হিসেবে। তবে শুধু মাঠেই নয়, মঞ্চেও থাকছে চমকের পর চমক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পাশাপাশি উপস্থিত থাকবেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন—যিনি বাংলার জামাই হিসেবেই এই সফরে বিশেষ আমন্ত্রিত।
মেসির আগমন ঘিরে টিকিটের চাহিদা আকাশছোঁয়া। ৮ অক্টোবর অনলাইনে বিক্রি শুরু হলেও তার আগেই আবেদন পড়েছে বিপুল সংখ্যায়। তাই যুবভারতীর ‘মেসি দর্শন’-এর টিকিট নিয়ে যে হাহাকার তৈরি হবে, তা এখনই নিশ্চিত।
মেসি ১৩ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠানে যোগ দিয়ে রাতেই রওনা হবেন মুম্বইয়ের উদ্দেশে, যেখানে পরদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে বলিউড ও ক্রিকেট তারকারা তাঁকে বরণ করবেন। আর সেই মুহূর্তে কলকাতা লিখে ফেলবে এক অবিস্মরণীয় ক্রীড়া-ইতিহাস—যেখানে ফুটবলের রাজপুত্রকে দেখবে শহর, সঙ্গে বার্সেলোনার সোনালি দিনের সঙ্গীরা।







