রাজ্য

কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে যৌথ বিশেষ দল গঠনের ইঙ্গিত ইডি ডিরেক্টরের

কয়লা পাচার ও আইপ্যাক সংক্রান্ত তদন্তে দিল্লি ও কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অফিসারদের নিয়ে একটি যৌথ বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের ভাবনার কথা জানিয়ে গেলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। শুক্রবার কলকাতায় এসে ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাবের কথা জানান বলে সূত্রের খবর।

ইডি সূত্রে জানা গিয়েছে, যে পুরনো কয়লা পাচার মামলায় চলতি মাসে আইপ্যাক দফতরে তল্লাশি চালানো হয়েছিল, সেই মামলার সূত্রপাত হয়েছিল দিল্লিতে। তবে তদন্তে উঠে এসেছে, এই অপরাধচক্রের শিকড় বাংলাতেই বিস্তৃত এবং এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে একটি হাওয়ালা নেটওয়ার্ক। সেই কারণেই দিল্লি ও কলকাতার অফিসারদের একত্র করে বিশেষ তদন্তকারী দল গঠনের পরিকল্পনা করা হচ্ছে।

শুক্রবারের বৈঠকে আইপ্যাক দফতরে তল্লাশির সময় ঠিক কী কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট শোনেন রাহুল নবীন। সূত্রের খবর, তল্লাশির সময় মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে প্রবেশ করলে তাঁর সঙ্গে কোন কোন শীর্ষ পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন, সে বিষয়েও বিস্তারিত তথ্য জানতে চান ইডি ডিরেক্টর।

এদিকে, নিম্ন আদালতে বিচারাধীন বালি পাচার ও কয়লা পাচার সংক্রান্ত একাধিক মামলার অগ্রগতি নিয়েও উষ্মা প্রকাশ করেন রাহুল নবীন। এই মামলাগুলিতে যাঁরা বিশেষ সরকারি আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন, তাঁদের সঙ্গে তিনি আইনি পরামর্শমূলক আলোচনা করেন। কেন এখনও বহু গুরুত্বপূর্ণ মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়নি এবং কীভাবে একের পর এক অভিযুক্ত জামিন পেয়ে যাচ্ছেন, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

সূত্রের খবর, নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন ইডি ডিরেক্টর। পাশাপাশি অভিযুক্তদের জামিন আটকাতে সরকারি আইনজীবীদের আরও তৎপর ভূমিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আদালতের দীর্ঘসূত্রিতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

বৈঠক শেষে নিউটাউনে নির্মীয়মান ইডি দফতরের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন রাহুল নবীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.