নিজস্ব সংবাদদাতা: বুধবার অর্থাৎ 24 মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল। পরীক্ষা শেষ হওয়ার মাত্র দেড় মাসের মধ্যেই এবার রেজাল্ট বের করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যদিও ফলে প্রকাশের দিনই মার্কশিট ও শংসাপত্র হাতে পাবে না পড়ুয়ারা।
সোমবার সংসদের তরফে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে রেজাল্ট ও মার্কশিট বিলির দিনের কথা উল্লেখ করা হয়েছে। এদিন এই বিজ্ঞপ্তি জারি করেন সংসদের সচিব তাপস কুমার মুখোপাধ্যায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করবেন সংসদ সভাপতি। ওই দিন অনলাইনেও রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা। তবে ফল প্রকাশের পর মার্কশিট ও শংসাপত্র হাতে পেতে ছাত্র-ছাত্রীদের অপেক্ষা করতে হবে আরও সাত দিন।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে , ৩১ মে বেলা ১১টা থেকে স্কুলগুলিকে মার্কশিট ও শংসাপত্র বিলি করা হবে। রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা সংসদের কার্যালয়গুলি থেকে ওই মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবেন স্কুলের প্রতিনিধিরা। এই কাজে গতি আনার জন্য বেশ কিছু ক্যাম্পও তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ফলপ্রকাশের দিনই মার্কশিট ও শংসাপত্র বিলি করা হচ্ছিল। শিক্ষকদের একাংশের দাবি, গত বছর থেকে সেই প্রথা ভেঙেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মার্কশিট বিলিতে যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।







