SIR (Special Intensive Revision) শুনানিতে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Sasi Panja)-কে ডেকে পাঠানো হয়েছে। রবিবার দুপুর ২টো নাগাদ তিনি শুনানিতে উপস্থিত হবেন বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁকে শুনানির জন্য তলব করা হয়েছে—এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।
এর আগেও এই SIR প্রক্রিয়ায় একাধিক বিশিষ্ট ব্যক্তিকে শুনানির নোটিস পাঠানো হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং সাংসদ দীপক অধিকারীও এই নোটিস পেয়েছিলেন। সেই তালিকায় এবার যুক্ত হল রাজ্যের বর্তমান মন্ত্রী শশী পাঁজার নাম।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় শশী পাঁজার নাম থাকলেও বর্তমান খসড়া তালিকায় তাঁর নাম নেই। অভিযোগ, বিএলও (Booth Level Officer) অ্যাপে যান্ত্রিক ত্রুটির কারণেই এই গরমিল। সেই কারণেই তাঁকে আলাদা করে শুনানিতে ডাকা হয়েছে।
এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন স্বয়ং মন্ত্রী। টিভি নাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শশী পাঁজা বলেন,
“আমার নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে। কিন্তু নির্বাচন কমিশন খুব তাড়াহুড়ো করে SIR-এর কাজ করছে। সেই কারণেই অ্যাপে প্রচুর গলদ দেখা যাচ্ছে। তালিকায় নাম থাকা সত্ত্বেও অ্যাপে নাম নেই—এটা নিছক লজিক্যাল ডিসক্রিপেন্সি। এতে সাধারণ মানুষ যেমন হেনস্থার শিকার হচ্ছেন, আমিও হচ্ছি। এর দায় সম্পূর্ণ নির্বাচন কমিশনের।”
তিনি আরও জানান, আলাদা কোনও সুবিধা না নিয়ে সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়ে শুনানির প্রক্রিয়া সম্পন্ন করবেন তিনি।
অন্যদিকে, বিজেপি নেতা সজল ঘোষ এই প্রসঙ্গে বলেন,
“২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও অ্যাপে নাম না থাকা গুরুতর বিষয়। ওঁর উচিত ছিল আদালতের দ্বারস্থ হওয়া। তবে সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়াবেন—এই সিদ্ধান্তকে আমরা সমর্থন করি। যদি এত বড় অন্যায় হয়ে থাকে, তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনিভাবে পদক্ষেপ নেওয়াই শ্রেয়।”
SIR প্রক্রিয়ায় একের পর এক বিশিষ্ট ব্যক্তির নাম জড়িয়ে পড়ায় প্রশ্ন উঠছে কমিশনের প্রস্তুতি ও প্রযুক্তিগত পরিকাঠামো নিয়ে। অ্যাপের গলদে জনপ্রতিনিধি থেকে সাধারণ নাগরিক—সবারই ভোটার পরিচয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিতর্ক আরও তীব্র হচ্ছে।







