২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দল যেন হারিয়েছে এক দিকচিহ্ন। তবে না, মৃত্যুর মুখ থেকে আপাতত ফিরে এসেছেন লুসিয়ো। ঘরের মধ্যে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে পুড়ে গিয়েছেন এই কিংবদন্তি ডিফেন্ডার। তাঁর শরীরের একাধিক অংশে গুরুতর ক্ষত তৈরি হয়েছে। বর্তমানে তিনি ব্রাসিলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন এবং আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনার সূত্রপাত একটি জৈবিক চিমনিকে ঘিরে। লুসিয়োর স্ত্রী মারিলিয়া জানিয়েছেন, বায়োইথানল চালিত সেই চিমনিটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতটাই ভয়াবহ ছিল বিস্ফোরণ যে লুসিয়ো কিছু সময়ের জন্য জ্ঞান হারান। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানাচ্ছেন, ত্বকের পুড়ে যাওয়া অংশগুলিতে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে এবং তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।
লুসিয়োর ফুটবল কেরিয়ার এক কিংবদন্তির উদাহরণ। ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাসের মতো ইউরোপের বড় ক্লাবের হয়ে খেলার পাশাপাশি ব্রাজিল জাতীয় দলের গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিলেন তিনি। ২০০২ বিশ্বকাপ ছাড়াও ২০১০ সালে ইন্টারের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোয় বড় ভূমিকা ছিল তাঁর। ক্লাব ও দেশের হয়ে ১৭টি বড় ট্রফি জিতেছেন তিনি।
ভারতের মাটিতেও তাঁর পদচিহ্ন রয়েছে। ২০১৫-১৬ আইএসএল মরশুমে এফসি গোয়ার হয়ে ১৬টি ম্যাচ খেলেছিলেন লুসিয়ো। আজ যখন তিনি হাসপাতালের শয্যায়, তাঁর সুস্থতা কামনায় প্রার্থনা করছে গোটা ফুটবল দুনিয়া।






