খেলাধুলা

গোলরক্ষকের গোলে ছিটকে গেল রিয়াল, প্লে-অফে পিএসজির মুখোমুখি এমবাপের দল

চ্যাম্পিয়ন্স লিগে নাটকীয় পরিণতি। সংযুক্তি সময়ে গোলরক্ষকের হেডে হজম করা গোলে নকআউটের দৌড় থেকে ছিটকে গেল রিয়াল মাদ্রিদ। বেনফিকার কাছে ৪-২ গোলে হেরে গ্রুপ পর্ব শেষ করল নবম স্থানে। ফলে সরাসরি শেষ ষোলো নয়, এবার প্লে-অফ খেলতে হবে কার্লো আনচেলত্তির দলকে। সেখানে প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জার্মাঁ (পিএসজি)।

বেনফিকার ঘরের মাঠে শুরু থেকেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচের ৯০ মিনিট শেষে বেনফিকা ৩-২ গোলে এগিয়ে থাকলেও, নকআউটে যাওয়ার জন্য সেই ব্যবধান যথেষ্ট ছিল না। তাদের প্রয়োজন ছিল আরও একটি গোল। অন্য দিকে রিয়ালেরও দরকার ছিল একটি গোল—ড্র হলে পয়েন্টের হিসেবে ম্যাঞ্চেস্টার সিটিকে টপকে প্রথম আটে উঠে সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নিতে পারত স্প্যানিশ জায়ান্টরা।

কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় সব কিছু। সংযুক্তি সময়ে রিয়ালের দুই ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। আর ৯৮ মিনিটে ফ্রি কিক থেকে উঠে এসে হেডে গোল করে বসেন বেনফিকার গোলরক্ষক আনাতোলি ট্রুবিন। গোলরক্ষকের সেই গোলেই ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে গোল পার্থক্যে মার্সেইকে টপকে নকআউটে উঠে যায় বেনফিকা।

এই হারের পর ক্ষোভ উগরে দিয়েছেন রিয়ালের তারকা কিলিয়ান এমবাপে। দলের পারফরম্যান্সকে কঠোর ভাষায় সমালোচনা করে তিনি বলেন, “আমরা খুব খারাপ খেলেছি। গোলরক্ষকের গোল করাটা সত্যিই লজ্জাজনক। এই হারের কোনও ব্যাখ্যা আমার কাছে নেই। আমাদের খেলায় ধারাবাহিকতার অভাব রয়েছে। একটি চ্যাম্পিয়ন দল একদিন ভালো, পরদিন খারাপ খেলতে পারে না।”

দলের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন এমবাপে। তাঁর কথায়, “বেনফিকা জীবন বাজি রেখে খেলছিল। কিন্তু আমাদের দেখে মনে হয়নি আমরা একই রকম লড়াই করছি। এটাই সবচেয়ে বড় সমস্যা।”

গ্রুপ পর্বে আট ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে রিয়াল শেষ করেছে নবম স্থানে। অন্য দিকে ১৪ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে থেকে প্লে-অফে উঠেছে পিএসজি। জিতলে তারা সরাসরি শেষ ষোলোয় যেতে পারত, কিন্তু ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ড্র করে সেই সুযোগ হাতছাড়া করে ফরাসি চ্যাম্পিয়নরা।

এ দিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে আর্সেনাল ও লিভারপুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.