নিজস্ব সংবাদদাতা: অবশেষে আইএসএলের সম্প্রচার সংস্থা নিয়ে জট কাটল। সোমবার আনুষ্ঠানিকভাবে জানা গিয়েছে, আগামী মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) সম্প্রচারিত হবে ফ্যানকোডের ওয়েবসাইট ও অ্যাপে। একাধিক সংস্থাকে টেক্কা দিয়ে সম্প্রচারের স্বত্ব জিতে নিয়েছে ফ্যানকোড। প্রোডাকশনের দায়িত্ব দেওয়া হয়েছে কেপিএস স্টুডিয়োসকে। তবে গত এক দশকের তুলনায় সম্প্রচার বাবদ প্রাপ্ত অর্থ উল্লেখযোগ্য ভাবে কমছে ফেডারেশনের, যার প্রভাব পড়তে পারে ক্লাবগুলির আর্থিক অবস্থার উপরও।
ফেডারেশনের ডাকা বিডে এ, বি এবং ডি প্যাকেজের জন্য আবেদন জানিয়েছিল ফ্যানকোড। মোট ৮.৬২ কোটি টাকায় সেই প্যাকেজ জিতে নিয়েছে তারা। আগামী মরসুমে ৯১টি ম্যাচের লিগ আয়োজন করা হবে। সেই হিসেবে প্রতি ম্যাচে ফেডারেশন পাবে প্রায় ৯.৫ লক্ষ টাকা। অথচ গত ১০ বছর ধরে সম্প্রচার স্বত্ব বাবদ প্রতি মরসুমে প্রায় ২৭৫ কোটি টাকা করে পেয়েছিল ফেডারেশন, অর্থাৎ ম্যাচ পিছু গড়ে ১.৬৮ কোটি টাকা। সেই জায়গায় এবার ম্যাচ পিছু আয় নেমে এসেছে ৯.৫ লক্ষ টাকায়। ফলে প্রতি ম্যাচে প্রায় ১.৫৯ কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে ফেডারেশন।
ফ্যানকোডের হাতে থাকছে বিশ্বব্যাপী সম্প্রচার, ডিজিটাল স্ট্রিমিং এবং টেলিভিশনে সম্প্রচারের স্বত্ব। যদিও ফ্যানকোডের নিজস্ব কোনও টিভি চ্যানেল নেই, ফলে টিভিতে খেলা সম্প্রচারের জন্য তারা অন্য কোনও সম্প্রচার সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে। এই ক্ষেত্রে সোনি নেটওয়ার্কের নাম শোনা যাচ্ছে।
অন্যদিকে, কেপিএস স্টুডিয়োস ‘ই’ প্যাকেজের জন্য আবেদন করেছিল এবং ৫.৭৫ কোটি টাকায় সেই প্যাকেজ জিতে নিয়েছে। ফলে বিশ্বব্যাপী সম্প্রচারের প্রোডাকশন সংক্রান্ত যাবতীয় দায়িত্ব থাকছে তাদের কাঁধে। বিড প্রক্রিয়ায় অংশ নেওয়া আরও দু’টি সংস্থার আবেদন বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইএসএলের নতুন মরসুম। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও কেরল ব্লাস্টার্স। একই দিনে দ্বিতীয় ম্যাচে খেলবে এফসি গোয়া ও ইন্টার কাশী।







