২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বার্তা দেন, তা জানতে অধীর আগ্রহে কলকাতার পথে পা বাড়ালেন সন্দেশখালির প্রাক্তন আন্দোলনকারীরা সুদেষ্ণা দাস ও লতিকা মিস্ত্রি। একসময় বিজেপির সক্রিয় মুখ হলেও, এখন তাঁরা বলছেন, ভুল বুঝেছিলেন, তাই ফিরেছেন তৃণমূলের ছায়ায়।
সোমবার সকালে ধামাখালি ঘাট থেকে নৌকায় চেপে নদীপথে কলকাতার দিকে রওনা দেন তাঁরা। সঙ্গে ছিল সন্দেশখালির বহু মহিলা তৃণমূল কর্মী এবং সাধারণ মানুষও। তাঁদের কণ্ঠে একটাই সুর- “মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে ফিরবো এবং মানুষের কাছে পৌঁছে দেব তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কথা।”
সুদেষ্ণা ও লতিকা একসময় সন্দেশখালির আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি তাঁদেরকে উত্তরবঙ্গে প্রচারের কাজে ব্যবহার করেছিল। রেখা পাত্রের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তাঁরা পরিচিত ছিলেন। কিন্তু সময় গড়াতেই পাল্টে যায় দৃশ্যপট। বিজেপির স্বার্থের রাজনীতি ও বিভ্রান্তিকর অবস্থান নিয়ে হতাশ হয়ে ফের তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন তাঁরা।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুদেষ্ণা বলেন, “আমরা বুঝে গেছি, তৃণমূলই মানুষের প্রকৃত পাশে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেল, তাঁর আদর্শ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা শপথ নিচ্ছি একুশে জুলাইয়ের বার্তা নিয়ে সন্দেশখালির ঘরে ঘরে পৌঁছে দেব এবং ২০২৬-এ বিধানসভা জয় করে মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করব।”
লতিকার কথায়, “সেদিনের আন্দোলন আজ অনেকটাই অসত্য প্রমাণিত হয়েছে। ভুল বোঝাবুঝির কারণেই তৃণমূল ছেড়েছিলাম। এখন অনেকেই আবার ফিরে আসছেন, আমরাও তাঁদের পথ দেখাচ্ছি।”
একুশে জুলাই-কে সামনে রেখে তাঁদের এই প্রত্যাবর্তন এবং শপথ নতুন মাত্রা যোগ করেছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল নেতৃত্বও আশাবাদী, সন্দেশখালির মাটিতে হারানো জমি পুনরুদ্ধার করা এখন শুধু সময়ের অপেক্ষা।







