ফের আরজি কর কান্ডে নয়া মোড়। দীর্ঘ সময় ধরে তদন্ত চলার পর অবশেষে প্রথম চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার ইডির তরফে আদালতে জমা পরা এই চার্জশিটে আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম উঠে এসেছে মূল অভিযুক্ত হিসেবে। তাঁর সঙ্গে অভিযুক্ত করা হয়েছে ব্যবসায়ী বিপ্লব সিংহ ও সুমন হাজরাকেও।
ইডি সূত্রে জানা গেছে, আরজি কর হাসপাতালের আর্থিক তছরুপ ও বেআইনি লেনদেন সংক্রান্ত একাধিক তথ্যপ্রমাণের ভিত্তিতে এই চার্জশিট দাখিল করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই মামলায় আগেই সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল। বর্তমানে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। সিবিআইয়ের দুর্নীতি সংক্রান্ত মামলার বিচারপ্রক্রিয়া চলাকালীনই ইডির এই চার্জশিট মামলার গুরুত্ব আরও বাড়াল বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। এই তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত বিপ্লব সিংহের সংস্থা ‘মা তারা ট্রেডার্স’ নিয়ম না মেনেই আরজি কর হাসপাতালে একের পর এক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের বরাত পেত।
একই ধরনের অভিযোগ রয়েছে সুমন হাজরার বিরুদ্ধেও। তদন্তকারীদের দাবি, টেন্ডার প্রক্রিয়া এড়িয়ে বরাত দেওয়ার মাধ্যমে বিপুল অঙ্কের আর্থিক অনিয়ম হয়েছে, যার ফলে হাসপাতাল কর্তৃপক্ষের ঘনিষ্ঠ যোগ ছিল। এই মামলায় শুক্রবার আলিপুর আদালত আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। উল্লেখযোগ্যভাবে, তিনিই প্রথম এই দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এনেছিলেন। তাঁর অভিযোগের সূত্র ধরেই সিবিআই এবং পরে ইডি তদন্ত শুরু করে। এখনও পর্যন্ত এই মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে ইডি। সেই অভিযুক্তদের তালিকায় রয়েছে সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, সুমন হাজরা ও সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী আফসার আলি। এমনকি আফসার আলির থেকেই আর্থিক লেনদেন ও নথি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে।







