পথকুকুরের উপদ্রব ও কামড়ে আক্রান্ত হওয়ার ঘটনায় ইতিমধ্যেই বহু জায়গায় উদ্বেগের সৃষ্টি হয়েছে । তবে উত্তরপ্রদেশে , আমজনতার নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার আসরে যোগী সরকার । পথ কুকুরের সমস্যা মেটাতে উত্তরপ্রদেশের জেলা সদর ও পুরনিগম এলাকাগুলিতে এবার ‘ডগ শেল্টার হোম’ বা কুকুরের আশ্রয়স্থল এবং ‘অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল’ বা জন্মনিয়ন্ত্রণ কেন্দ্র তৈরি করার কাজ শুরু হলো ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে , ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে । যুদ্ধকালীন তৎপরতায় চলছে এই প্রকল্পের কাজ । মানবিক ও বিজ্ঞানসম্মত উপায়ে এই সমস্যার স্থায়ী সমাধান করতেই প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে । পুরো প্রক্রিয়াটি শীর্ষ আদালতের নির্দেশিকা মেনেই কাজ চলছে । যোগী রাজ্যের বিভিন্ন জেলায় , ইতিমধ্যেই , জমি চিহ্নিতকরণ ও বাজেটের সংস্থান করার কাজ শুরু হয়ে গিয়েছে ।
সূত্রের খবর , প্রায় ৪৭০ লক্ষ থেকে ৫৩১ লক্ষ টাকা খরচ হতে পারে প্রতিটি আশ্রয়স্থল তৈরির জন্য । উল্লেখ্য , এই প্রকল্পে , কুকুরের থাকার জায়গা, খাবার, চিকিৎসার পরিকাঠামো এবং পরিচ্ছন্নতার ওপর বিশেষ নজর দেওয়া হবে । শুরু হয়ে গিয়ে জমি চিহ্নিত করার কাজও । জানা গিয়েছে শুধু বড় শহর নয় , এই কাজের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে জেলা স্তরেও ।
প্রশাসনের তরফে , জানানো হয়েছে , আশ্রয়স্থল তৈরি হয়ে গেলে সেখানে পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষিত কর্মীও নিয়োগ করা হবে । যাতে পথচলতি মানুষদের নিরাপত্তা এবং অবলা প্রাণীদের দেখভালের ব্যবস্থা , দুইই বজায় থাকবে ।







