পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত মামলায় সোমবার সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে। তার আগেই নির্বাচন কমিশনকে জানানো হল, এসআইআর-এর কাজে রাজ্য সরকার সর্বোচ্চ ৮,৫০৫ জন গ্রুপ-বি আধিকারিক দিতে পারবে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, শনিবার নবান্নের তরফে চিঠি দিয়ে এই তথ্য কমিশনকে জানানো হয়েছে।
গত বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে স্বয়ং সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় নির্বাচন কমিশনের আইনজীবী অভিযোগ করেন, এসআইআর-এর কাজের জন্য রাজ্য সরকার পর্যাপ্ত গ্রুপ-বি আধিকারিক দেয়নি। ফলে ভিন্ রাজ্যের আধিকারিক নিয়োগ করতে হয়েছে। এই প্রেক্ষিতে আদালত রাজ্য সরকারকে নির্দেশ দেয়, কত জন গ্রুপ-বি আধিকারিক এসআইআর-এর কাজে দেওয়া সম্ভব, তার তালিকা সোমবারের মধ্যে কমিশনকে জানাতে হবে।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ আরও জানিয়েছিল, বাংলায় সাবলীল আধিকারিকদের নিয়োগ করলে নামের বানান বা ভাষা সংক্রান্ত সমস্যার সমাধান সম্ভব হবে। আদালতের পর্যবেক্ষণ ছিল, নামের বানানের ছোটখাটো ভুল বা পদবি পরিবর্তনের কারণে যেন কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায়।
গত শুনানিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সামান্য বানানগত ত্রুটি বা নাম সংশোধনের জন্য বহু ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছেন। আদালত কমিশনকে এই বিষয়ে আরও সংবেদনশীল হওয়ার নির্দেশ দেয়।
এদিকে কমিশন আদালতে জানায়, এখনও পর্যন্ত রাজ্য সরকার এসআইআর-এর কাজে মাত্র ৮০ জন ‘গ্রেড-২’ আধিকারিক দিয়েছে, যা পর্যাপ্ত নয়। কমিশনের দাবি, অধিকাংশ ক্ষেত্রে অঙ্গনওয়ারি কর্মীর মতো নিম্নস্তরের কর্মীদেরই কাজে লাগানো হয়েছে। যদিও এই অভিযোগের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এসআইআর প্রক্রিয়ায় রাজ্য সরকার সবরকম সহযোগিতা করেছে।
প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। ৭ ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ করার কথা থাকলেও এখনও বহু জায়গায় সেই কাজ অসম্পূর্ণ বলে খবর। কমিশন সময় বাড়ানোর আবেদন করেছে। চূড়ান্ত ভোটার তালিকা ১৪ ফেব্রুয়ারি প্রকাশের কথা থাকলেও, সেই দিন পিছোবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গিয়েছে।
সোমবারের শুনানির দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।







