জেলারাজনীতি

মাদক মামলায় হুমায়ুন কবীরের আত্মীয়ের সম্পত্তি সিজ, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে তুঙ্গে তরজা

মাদক মামলায় নাম জড়াল বিধায়ক হুমায়ুন কবীরের মেয়ের শ্বশুরবাড়ির। NDPS মামলায় আদালতের নির্দেশে মুর্শিদাবাদের লালগোলায় হুমায়ুন কবীরের আত্মীয়ের স্কুল, বাড়ি ও লজ ফ্রিজ করল পুলিশ। সম্পত্তি বাজেয়াপ্তকে ঘিরে রাজনৈতিক বিতর্কে উত্তাল রাজ্য রাজনীতি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালে NDPS আইনে দায়ের হওয়া একটি মামলায় হুমায়ুন কবীরের মেয়ের শ্বশুর শরিফুল ইসলাম ও তাঁর ভাই জিয়ারুল ইসলামের নাম উঠে আসে। সেই মামলায় বিশেষ আদালত মোট ১০ কোটি ৭৩ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।

সোমবার আদালতের নোটিস হাতে নিয়ে মুর্শিদাবাদের লালগোলায় অভিযানে নামে পুলিশ। স্কুল, আবাসিক বাড়ি এবং একটি লজ-সহ একাধিক সম্পত্তি সিজ করা হয়।

এই ঘটনার সময়ই রাজনৈতিকভাবে চর্চার কেন্দ্রে হুমায়ুন কবীর। সম্প্রতি তিনি ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সুর চড়াচ্ছেন। ফলে ২০২৬-এর বিধানসভা ভোটে তাঁর অবস্থান কোনদিকে—তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

এই আবহেই মাদক মামলায় তাঁর মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে কবীর পরিবার।

হুমায়ুন কবীরের মেয়ে নাজমা সুলতানা বলেন,

“বাবার উপর সরাসরি আঘাত করতে না পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন আমাদের উপর আঘাত করছে। বাবাকে আঘাত করতে হলে তো মেয়ের শ্বশুরবাড়িতেই আঘাত করবে।”

হুমায়ুন কবীর নিজেও তীব্র ভাষায় অভিযোগ করেন,

“আমাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না রাজ্য সরকার বা পুলিশমন্ত্রী। দু’মাস আগে থেকেই এই চক্রান্ত চলছে। আমি সাসপেন্ড হওয়ার পর থেকেই বিষয়টা শুরু। তবে কোর্ট আছে, জুডিসিয়াল সিস্টেম আছে—আমরা আইনি লড়াই করব।”

যদিও প্রতিহিংসার অভিযোগ পুরোপুরি খারিজ করেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,

“মামলাটি নতুন নয়। তদন্ত হঠাৎ করে শুরু হয়নি। আদালত সব দিক বিচার করেই নির্দেশ দিয়েছে। এর সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার কোনও সম্পর্ক নেই।”

এদিকে মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার ধৃতিমান সরকার স্পষ্ট জানিয়েছেন, মাদক চক্রের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। তাঁর কথায়,

“সীমান্তবর্তী এলাকায় ড্রাগস ব্যবসার মাধ্যমে যারা সম্পত্তি গড়ে তুলেছে, তাদের বিরুদ্ধে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্দিষ্ট ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের চিহ্নিত করে সমস্ত স্থাবর সম্পত্তি সিজ করা হচ্ছে।”

সব মিলিয়ে, হুমায়ুন কবীরের রাজনৈতিক ভবিষ্যৎ, মাদক মামলার আইনি দিক এবং প্রশাসনিক কড়াকড়ি—এই তিনের সংযোগে বিতর্ক এখন চরমে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.