কলকাতা

ভোটের আগে শহরে অস্ত্র-ছক! খাস কলকাতায় বাস থেকে উদ্ধার ৬টি আগ্নেয়াস্ত্র, গ্রেফতার পাচারকারী

কলকাতা: রাজ্যে এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও, নিরাপত্তা নিয়ে একেবারে ‘নো রিস্ক’ মুডে পুলিশ–প্রশাসন। ভোটমুখী বাংলায় সতর্কতা আরও জোরদার। তারই মাঝে খাস কলকাতায় উদ্ধার হল ভয়ঙ্কর সব আগ্নেয়াস্ত্র।

মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে তৎপর হয় লালবাজারের অ্যান্টি রাউডি সেকশন (ARS)। গড়িয়াহাট থেকে ইএম বাইপাসের দিকে যাওয়া একটি বাসে তল্লাশি চালিয়ে কসবা এলাকায় হাতেনাতে গ্রেফতার করা হয় অস্ত্র পাচারকারী মহম্মদ ইস্তিয়াককে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৭ এমএম পিস্তল, তিনটি ওয়ান শটার সহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র এবং ১১ রাউন্ড কার্তুজ। অভিযুক্ত অস্ত্রগুলি নিয়ে বাসে করেই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

ধৃত মহম্মদ ইস্তিয়াক বিহারের গয়া জেলার বাসিন্দা। পুলিশ সূত্রের দাবি, বিহার ও ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্রগুলি কলকাতায় আনা হচ্ছিল। কী উদ্দেশ্যে শহরে ঢোকানো হচ্ছিল এই অস্ত্র? ভোটের আগে কি কোনও বড় নাশকতার ছক ছিল? অস্ত্রের বরাত কারা দিয়েছিল— এই সব প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে জোরদার তদন্ত।

পুলিশের প্রাথমিক অনুমান, এর পিছনে সক্রিয় রয়েছে একটি বড়সড় অস্ত্র পাচার চক্র। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের শিকড়ে পৌঁছনোর চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ভোটের আগে এই অস্ত্র উদ্ধারকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে লালবাজার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.