রাজ্য

নির্বিঘ্নে রেসকোর্স পর্যন্ত মেট্রো সুড়ঙ্গ, গতি পেল জোকা-এসপ্ল্যানেড প্রকল্প

কলকাতার পরিবহণ পরিকাঠামোয় বড়সড় অগ্রগতি। জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে রেসকোর্স পর্যন্ত নির্বিঘ্নে পৌঁছে গেল টানেল বোরিং মেশিন ‘দুর্গা’ ও ‘দিব্যা’। ভূগর্ভস্থ এই মেট্রো সুড়ঙ্গ খননের কাজ নির্ধারিত সময়সূচি মেনেই এগোচ্ছে বলে জানা গেছে।

বর্তমানে প্রায় ১০ মিটার গভীরতায় সুড়ঙ্গ খনন চলছে। খিদিরপুর শ্যাফট থেকে ‘দুর্গা’ ইতিমধ্যেই প্রায় ১ কিলোমিটার অগ্রসর হয়েছে, আর ‘দিব্যা’ পৌঁছে গিয়েছে প্রায় ৬০০ মিটার দূরত্বে। এই ২টি টানেল বোরিং মেশিনের মাধ্যমে খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত প্রায় ২.৬৫ কিলোমিটার অংশে সম্পূর্ণ ভূগর্ভস্থ সুড়ঙ্গ তৈরি হবে। এরপর পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশ ‘কাট অ্যান্ড কভার’ পদ্ধতিতে নির্মাণের পরিকল্পনা রয়েছে। রেসকোর্স পেরিয়ে এবার সুড়ঙ্গ খনন এগোবে ভিক্টোরিয়া মেমোরিয়াল-এর দিকে। শহরের অন্যতম ঐতিহাসিক অঞ্চলের নীচ দিয়ে এই মেট্রো টানেল নির্মাণ হওয়ায় প্রযুক্তিগত দিক থেকে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে।

খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মোট ৫ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ অংশের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০২৫ সালের জুলাই মাসে। সেন্ট থমাস স্কুলের সামনে নির্মিত বিশেষ শ্যাফ্ট থেকেই নামানো হয়েছে ‘দুর্গা’ ও ‘দিব্যা’। খিদিরপুর-ভিক্টোরিয়া-পার্ক স্ট্রিট করিডর ধরে এগোচ্ছে খনন প্রক্রিয়া।
মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২৬-এর ডিসেম্বরে কিংবা ২৭-এর মার্চের সম্পূর্ণ সুড়ঙ্গ খননের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। কাজ শেষ হলে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাতায়াত আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে, যা দক্ষিণ কলকাতার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.