রাজনীতি

বিধানসভা ভোটের আগে জল্পনা তুঙ্গে: তৃণমূলে যোগ দিচ্ছেন কি সুদীপ্তা বক্সী?

ভোটের আগে তারকাদের রাজনৈতিক ময়দানে আগমন—ভারতীয় গণতন্ত্রে এ এক বহুচর্চিত ও বহুবার দেখা দৃশ্য। নির্বাচনের প্রাক্কালে পরিচিত মুখদের রাজনৈতিক দলে যোগদান যেন এক কৌশলগত বাস্তবতা। ঠিক যেমন লোকসভা নির্বাচনের আগে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস-এ এবং বর্তমানে তিনি সাংসদ। আবার এমন বহু তারকা আছেন, যাঁদের শাসকদলের মঞ্চে দেখা গেলেও তাঁরা সরাসরি ভোটের লড়াইয়ে নামেন না।

এই প্রেক্ষাপটে নতুন করে জল্পনার কেন্দ্রে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় বক্সী। বিধানসভা নির্বাচনের আগে তাঁর রাজনৈতিক যোগদান নিয়ে চর্চা ক্রমশই জোরাল হচ্ছে।

সম্প্রতি তাঁকে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর পাশে বিভিন্ন কর্মসূচিতে দেখা গিয়েছে। শহরে আয়োজিত প্রতিবাদ মিছিল হোক বা একুশে জুলাইয়ের মঞ্চ—সুদীপ্তার উপস্থিতি নজর এড়ায়নি রাজনৈতিক মহলের। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু-ও। যদিও তাঁদের কেউই এখনও আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেননি।

তবে সাম্প্রতিক এক ভিডিয়ো ঘিরে জল্পনা আরও বেড়েছে। রবিবার প্রকাশিত ওই কনটেন্টে সুদীপ্তাকে সরাসরি রাজ্য সরকারের অবস্থানের পক্ষে বক্তব্য রাখতে দেখা যায়। ‘বাঙালি অস্মিতা’ প্রসঙ্গে তিনি সরব হন এবং অভিযোগ করেন, একদল যুবক বাঙালিদের বাংলাদেশি বলে চিহ্নিত করার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে বাংলা ও বাঙালি আবেগকে সামনে রেখে শাসকদল যে কৌশল নিচ্ছে, সেই প্রেক্ষাপটে এই ধরনের বার্তা তাৎপর্যপূর্ণ।

এ বিষয়ে সুদীপ্তা নিজে TV9 বাংলাকে জানান, “সম্পূর্ণ ভাবনা এবং ক্রিয়েটিভ আইপ্যাকের। তাঁদের থেকেই আমি প্রস্তাব পেয়েছি। এই সময়ে যা ঘটছে, সেটাই কনটেন্টে বলা হয়েছে। আমার প্রয়োজনীয় মনে হয়েছে, তাই করেছি। যাতে সেটা সব মানুষের কাছে পৌঁছায়, সেই চেষ্টাই করেছি। সম্প্রতি আর একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও SIR নিয়ে এরকম কনটেন্ট করেছেন।”

তবে বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি স্পষ্ট করে কিছু জানাননি। প্রশ্ন শুনে হাসতে হাসতেই বলেন, “এই রে, আমি তো নিজেই কিছু জানি না এই ব্যাপারে। যখন জানতে পারব, অবশ্যই জানাব।”

সব মিলিয়ে, সুদীপ্তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, নির্বাচনের আগে তাঁর সক্রিয় উপস্থিতি ও বক্তব্য রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.