জেলা

মহা শিবরাত্রির পুণ্য লগ্নে বিভীষণপুরে বিক্রমশিলা প্যারামেডিকেল ইনস্টিটিউশনের নতুন শাখার উদ্বোধন

অনুপম জানা, নিজস্ব সংবাদদাতা: মহা শিবরাত্রির পবিত্র তিথিতে শিক্ষার আলো ছড়িয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হলো পূর্ব মেদিনীপুর জেলায়। ভগবানপুর থানার অন্তর্গত বিভীষণপুর গ্রামে উদ্বোধন হলো বিক্রমশিলা প্যারামেডিকেল ইনস্টিটিউশন-এর নতুন শাখা। গ্রামীণ ছাত্র-ছাত্রীদের স্বল্প খরচে কর্মমুখী শিক্ষার সুযোগ করে দেওয়াই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

স্থানীয় দুই যুবক রঞ্জন কুমার সাঁতরা ও সুব্রত পড়ুয়ার উদ্যোগে, বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটবর্তী এলাকায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করে এই শিক্ষাপ্রতিষ্ঠান। উদ্যোক্তাদের দাবি, গ্রামীণ এলাকার আর্থসামাজিক বাস্তবতার কথা মাথায় রেখেই এখানে বিভিন্ন প্যারামেডিকেল কোর্স চালু করা হবে, যাতে পড়ুয়াদের উচ্চ ব্যয় বহন করে দূর শহরে যেতে না হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার পলাশ সাহা। পাশাপাশি ছিলেন বিভীষণপুর শাখার ওনার কাম ইনচার্জ সুব্রত পড়ুয়া ও রঞ্জন কুমার সাঁতরা, মুকুন্দপুর বিক্রমশিলা ইনস্টিটিউটের কর্ণধার কৌশিক হালদার, টিচার ইনচার্জ দেবাশীষ চক্রবর্তী, College of EIILM-এর পার্টনার অভিষেক বিশ্বাস, ক্যারিয়ার কাউন্সিলর অভিজিৎ দাস সহ এলাকার বিশিষ্ট শিক্ষক, গ্রামীণ চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে প্রশিক্ষিত প্যারামেডিকেল কর্মীর চাহিদা ক্রমবর্ধমান। সেই প্রেক্ষাপটে গ্রামীণ অঞ্চলে এই ধরনের প্রশিক্ষণকেন্দ্র গড়ে ওঠা সময়োপযোগী উদ্যোগ। এতে একদিকে যেমন স্থানীয় যুবসমাজ কর্মসংস্থানের সুযোগ পাবে, অন্যদিকে এলাকার স্বাস্থ্য পরিষেবাও আরও শক্তিশালী হবে।

উদ্যোক্তাদের আশা, এই প্রতিষ্ঠান শুধুমাত্র একটি শিক্ষাকেন্দ্র হিসেবেই সীমাবদ্ধ থাকবে না—বরং পূর্ব মেদিনীপুরের গ্রামীণ যুবসমাজের আত্মনির্ভরতার এক নতুন দিশা হয়ে উঠবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.