খেলাধুলা

বিশ্বজয়ের পর বোর্ড পরীক্ষায় বসা হল না অনূর্ধ্ব-১৯ নায়ক বৈভব সূর্যবংশীর

ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করার পর স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ১৪ বছরের বিস্ময় প্রতিভা Vaibhav Suryavanshi। বিশ্বকাপ জয়ের পর জানা গিয়েছিল, সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছে বিহারের তাজপুরের এই কিশোর। কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটীয় ব্যস্ততার কারণে এবছর পরীক্ষায় বসা হল না তার।

১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত চলার কথা ছিল সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা। বৈভবের পরীক্ষার ফর্ম পূরণ করা হয়েছিল, এমনকি অ্যাডমিট কার্ডও হাতে পৌঁছেছিল। পরীক্ষাকেন্দ্র পড়েছিল পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুলে। তবে একাধিক ক্রিকেট প্রশিক্ষণ শিবির, জাতীয় ক্যাম্প ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার কারণে পড়াশোনায় প্রয়োজনীয় সময় দিতে পারেনি সে। ফলে পরিবারের সঙ্গে আলোচনা করেই এবছর বোর্ড পরীক্ষায় না বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাজপুরের ‘মডেস্টি স্কুল’-এর ডিরেক্টর আদর্শ কুমার পিন্টু জানান, বৈভবের সমস্ত প্রক্রিয়াই সম্পন্ন ছিল। কিন্তু তার বাবা সঞ্জীব সূর্যবংশীর সঙ্গে আলোচনার পর বোর্ড পরীক্ষায় না বসার সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, বৈভবের ক্রীড়াজীবনের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে সময় ব্যবস্থাপনাই ছিল প্রধান চ্যালেঞ্জ।

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে বৈভব খেলেছিল এক অবিশ্বাস্য ইনিংস—মাত্র ৮০ বলে ১৭৫ রান। তার সেঞ্চুরি আসে ৫৫ বলে। সেই ম্যাচেই গড়ে ওঠে একাধিক নজির—অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ রান, দ্রুততম সেঞ্চুরি, টুর্নামেন্টে সর্বাধিক ছক্কা এবং যুব একদিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড। পাশাপাশি, ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও তার ফাইনাল—দু’ক্ষেত্রেই সেরার পুরস্কার জিতে নেয় বৈভব।

বিশ্ব ক্রিকেটে নিজের আগমনের ঘোষণা ইতিমধ্যেই জোরালভাবে করে দিয়েছে এই তরুণ ব্যাটার। এখন প্রশ্ন একটাই—ক্রিকেটের ব্যস্ত সূচির ফাঁকে আগামী বছরে কি ফের বোর্ড পরীক্ষায় বসবে সে? আপাতত দেশের নতুন যুব তারকার সামনে বড় মঞ্চের ডাক, আর সেই পথেই এগিয়ে চলেছে তাজপুরের এই কিশোর প্রতিভা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.