২০২৬ সালের শুরুতেই নতুন করে আলোড়ন ফেলেছে বিশ্বখ্যাত ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার একটি ভবিষ্যদ্বাণী। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই দাবি ঘিরে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। বলা হচ্ছে, আসন্ন বছরে পাঁচটি নির্দিষ্ট রাশির জাতক-জাতিকাদের জীবনে খুলতে চলেছে সাফল্য ও সমৃদ্ধির নতুন অধ্যায়।
ভবিষ্যদ্বাণী অনুযায়ী, বৃশ্চিক, মীন, কন্যা, মকর ও মিথুন—এই পাঁচ রাশির জন্য ২০২৬ সাল হতে চলেছে ভাগ্যবদলের বছর। দীর্ঘদিনের আর্থিক চাপ, কর্মক্ষেত্রের অনিশ্চয়তা এবং মানসিক অস্থিরতা কাটিয়ে তাঁরা এগোবেন স্থিতিশীলতার পথে।
বাবা ভাঙ্গার অনুসারীদের দাবি, এই বছরে শুধু অর্থাগমই নয়, চাকরি ও ব্যবসায় বড় সাফল্যের যোগ রয়েছে। পদোন্নতি, নতুন কাজের সুযোগ কিংবা বিদেশে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না জ্যোতিষবিশেষজ্ঞরা। পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন এবং স্থাবর সম্পত্তি কেনার যোগও রয়েছে এই রাশিগুলোর জন্য।
বিশেষ করে ব্যবসা ও প্রতিযোগিতামূলক ক্ষেত্রে এই পাঁচ রাশির জাতকরা প্রতিপক্ষকে টেক্কা দিয়ে এগিয়ে যেতে পারেন। পারিবারিক অশান্তি কমে আসবে, সম্পর্কের উন্নতির পাশাপাশি আধ্যাত্মিক দিক থেকেও মিলবে নতুন দিশা—এমনটাই দাবি করা হচ্ছে।
যদিও বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর কোনও লিখিত বা প্রামাণ্য নথি নেই, তবুও তাঁর নাম জড়িয়ে থাকা যে কোনও পূর্বাভাসই সাধারণ মানুষের মধ্যে আলাদা কৌতূহল সৃষ্টি করে। বর্তমান গ্রহ-নক্ষত্রের অবস্থানের সঙ্গে এই ভবিষ্যদ্বাণীর মিল খুঁজে অনেকেই তাকিয়ে রয়েছেন ২০২৬ সালের দিকে—সত্যিই কি খুলবে ভাগ্যের স্বর্ণদ্বার? সেটা তো সময়ই বলবে।







