বিশ্ব

ভারত-সহ ৬০ দেশের পণ্যে ট্রাম্পের নতুন শুল্ক, আজ থেকেই কার্যকর ‘বলপূর্বক শ্রম’ নীতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের কড়া বাণিজ্যিক পদক্ষেপ নিলেন। ভারত-সহ বিশ্বের ৬০টি দেশের আমদানিকৃত পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ফেডেরাল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার থেকেই এই নতুন শুল্ক কার্যকর হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলিকে পণ্যের ধরন অনুযায়ী ১০ শতাংশ বা ১২.৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক দিতে হবে।

এই নতুন ব্যবস্থাকে আমেরিকা ‘বলপূর্বক শ্রম (Forced Labor) শুল্ক’ হিসেবে উল্লেখ করেছে। ওয়াশিংটনের দাবি, যেসব দেশে জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য তৈরি হয় বা সেই ধরনের শ্রম রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি, তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, বহু বছর ধরেই জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আমেরিকা। তাঁর দাবি, বাণিজ্যিক অংশীদার দেশগুলিকে প্রয়োজনীয় সংস্কারের সুযোগ দেওয়া হলেও অনেকেই তা কাজে লাগায়নি। মানবাধিকার রক্ষা এবং আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই নতুন শুল্ক কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

১০ শতাংশ শুল্কের তালিকায় রয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, কানাডা, ব্রিটেন, মেক্সিকো, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া-সহ একাধিক দেশ। অন্যদিকে, ১২.৫ শতাংশ শুল্কের আওতায় রয়েছে আরও ৩৮টি দেশ, যার মধ্যে অন্যতম চিন। জাপান, দক্ষিণ কোরিয়া, সুইৎজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির ক্ষেত্রে আগে থেকেই চালু থাকা শুল্কের সঙ্গে এই নতুন হার যুক্ত হবে।

প্রসঙ্গত, গত বছর ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের উপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত পারস্পরিক শুল্ক আরোপ করেছিল। পরে মার্কিন সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত বাতিল করলে ১৫০ দিনের জন্য অন্তর্বর্তী ১০ শতাংশ শুল্ক চালু করা হয়। সেই সময়সীমা শেষ হওয়ায় এবার ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় নতুন ‘বলপূর্বক শ্রম’ শুল্ক কার্যকর করা হচ্ছে।

তবে সব পণ্যের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। তেল, প্রাকৃতিক গ্যাস, সার এবং কয়েকটি প্রয়োজনীয় খাদ্যপণ্যকে নতুন শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.