চার দশক পেরিয়েও বাঙালির হৃদয়ে মহানায়ক উত্তম কুমারের জনপ্রিয়তা আজও অমলিন। ২৪ জুলাই, ২০২৬ তাঁর ৪৭তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার। নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার দুপুরের আগেই কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে মহানায়কের স্মৃতির উদ্দেশ্যে তাঁর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন তিনি।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, অভিনেতা রুদ্রনীল ঘোষ-সহ বিজেপির একাধিক নেতা-নেত্রী। পাশাপাশি টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, উত্তম কুমারের নাতনি নবনীতা চট্টোপাধ্যায় এবং শিল্প-সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে যোগ দেন। সঙ্গীতের মাধ্যমে মহানায়ককে শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী।
কেওড়াতলা থেকেই উত্তম কুমারের জন্মবার্ষিকী উদ্যাপন নিয়ে একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী ৩ সেপ্টেম্বর মহানায়কের জন্মদিন উপলক্ষে ৩ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ শতবর্ষ উদ্যাপনের আয়োজন করা হবে।
এই অনুষ্ঠান সফল করতে রবীন্দ্রসদনে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হবে, যারা গোটা কর্মসূচির তদারকি করবে। পাশাপাশি মহানায়কের স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে তাঁর নামে কলকাতায় একটি আধুনিক ফিল্ম সেন্টার গড়ে তোলা হবে। একই সঙ্গে কলকাতা পুরসভার পরিচালিত উত্তম মঞ্চের আধুনিকীকরণের কাজও করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বক্তব্যের শেষে তিনি মহানায়ক উত্তম কুমারের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করেন।







