মুক্তির দিনেই বক্স অফিসে জমজমাট লড়াই দেখা গেল। ১৪ অগস্ট একসঙ্গে প্রেক্ষাগৃহে এল তামিল সুপারস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ‘কুলি’ এবং হৃতিক রোশন-জুনিয়র এনটিআর অভিনীত অ্যাকশন থ্রিলার ‘ওয়ার ২’। প্রথম দিনের হিসেব বলছে, জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে রজনীকান্তের ‘কুলি’। ৭২ বছর বয়সেও নিজের অদম্য তারকাখ্যাতি ধরে রেখে ছবিটি প্রথম দিনেই আয় করেছে প্রায় ৬৫ কোটি টাকা। অন্যদিকে, হৃতিকের ‘ওয়ার ২’ জমিয়েছে ৫২.৫০ কোটি টাকা, যা বলিউডের জন্য ২০২৫ সালের অন্যতম সেরা ওপেনিং হিসেবে ধরা হচ্ছে।
দর্শক পরিসংখ্যান বলছে, ‘কুলি’র ঝড় বেশি বইছে দক্ষিণী রাজ্যে, যদিও হৃতিকের ‘ওয়ার ২’ হিন্দি বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে হৃতিকের সঙ্গে আছেন কিয়ারা আডভানি, আর ভিলেনের ভূমিকায় জুনিয়র এনটিআর। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাওয়ায় ছবিটির সপ্তাহান্তে আয়ের সম্ভাবনা উজ্জ্বল। বৃহস্পতিবার ‘ওয়ার ২’ সকল ভাষা মিলিয়ে ৫২.৫০ কোটি টাকা সংগ্রহ করেছে, যার মধ্যে হিন্দি সংস্করণের দর্শক অংশীদারি ছিল ২৯.২৪ শতাংশ। সকালের শোয়ে উপস্থিতি ছিল ১৬.৩৭ শতাংশ, বিকালে ২৩.৬৭ শতাংশ, সন্ধ্যায় ২৯.০৩ শতাংশ, আর রাতের শোয়ে পৌঁছে যায় ৪৭.৯০ শতাংশে।
আঞ্চলিক ভাষার দিক থেকেও ‘ওয়ার ২’ নজর কেড়েছে—তামিল সংস্করণে ৪২.৪১ শতাংশ, তেলেগু সংস্করণে ৭৪.৯৭ শতাংশ এবং হিন্দি সংস্করণে ৫৬.৫০ শতাংশ দর্শক উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞদের মতে, জন্মাষ্টমী ও স্বাধীনতা দিবসের ছুটি মিলিয়ে আগামী কয়েক দিনে ছবিটির আয়ে আরও উল্লম্ফন হতে পারে। তবে দক্ষিণী বাজারে ‘কুলি’র প্রবল আধিপত্য ‘ওয়ার ২’-এর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে, দুই তারকার এই মুখোমুখি লড়াই এখন বক্স অফিসের সবচেয়ে বড় আলোচনার বিষয়।







