বিয়েকে স্মরণীয় করে তুলতে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সমুদ্র সৈকত, পাহাড়, অরণ্য কিংবা উত্তরবঙ্গের চা-বাগান— বিভিন্ন মনোরম পর্যটনকেন্দ্রে এমন আয়োজনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে তিনি জানান, রাজ্যে পর্যটনের বিকাশে পাঁচ দফা কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।
এদিন পর্যটন দপ্তরের বাজেট নিয়ে আলোচনার সময় বিধানসভায় সদস্যদের কম উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অধ্যক্ষ রথীন্দ্র বসু। সেই সময় অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন মাত্র ৪৫ থেকে ৫০ জন বিধায়ক। অধ্যক্ষের বক্তব্য, নিজের বক্তব্য শেষ করেই অনেক সদস্য সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। অন্যের বক্তব্য শোনার মানসিকতা ক্রমশ কমে যাচ্ছে। অথচ বহু সদস্যের বক্তব্য থেকে শেখার মতো বিষয় থাকে। এমনকি বাজেটের উপর বক্তব্য রাখা বিধায়কদের অনেকেই মন্ত্রীর জবাব শুনতেও উপস্থিত থাকছেন না। ভবিষ্যতে এই বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।
বাজেট আলোচনায় উঠে আসে বিপ্লবী রাসবিহারী বসুর ঐতিহ্যবাহী বাড়ির প্রসঙ্গও। তৃণমূল সরকারের আমলে সেখানে একটি শৌচালয় নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। পূর্বস্থলী উত্তরের এক বিধায়ক বিষয়টি পর্যটনমন্ত্রীর নজরে আনেন। অভিযোগ পাওয়ার পরই জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছেন শংকর ঘোষ। তিনি জানান, অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পর্যটনমন্ত্রী আরও বলেন, উত্তরবঙ্গের চা-বাগানগুলিকে ঘিরে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে বন দপ্তরের সঙ্গে যৌথভাবে পরিকল্পনা করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য বজায় রেখেই পর্যটনের প্রসারে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সুন্দরবনকেও পর্যটনের অন্যতম আকর্ষণ হিসেবে আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। সুন্দরবনের পরিবেশ রক্ষায় ম্যানগ্রোভ রোপণসহ সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি কর্মসূচি গ্রহণের কথাও জানান তিনি।






